চ্যাম্পিয়নস লীগ ফাইনালে আজ (শনিবার) রাত ১০টায় মুখোমুখি হবে পিএসজি ও আর্সেনাল। নিজেদের ইতিহাসে সেরা সময় পার করতে থাকা পিএসজির সামনে সুযোগ শিরোপা ধরে রাখার। আর ২০ বছর পর দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠা আর্সেনালের আকাঙ্ক্ষা ইউরোপ শ্রেষ্ঠত্বের প্রথম শিরোপা ছুঁয়ে দেখার।
লম্বা সময় ধরে চ্যাম্পিয়নস লীগকে পাখির চোখ করেছিল পিএসজি। নেইমার, এমবাপ্পে এবং লিওনেল মেসিদের মতো তারকাদের এনেও চেষ্টা করেছিল। কিন্তু সাফল্য মেলেনি। এই তিন মহাতারকার বিদায়ের পরই যেন নিজেদের আসল রূপটা খুঁজে পায় দলটি । স্প্যানিশ কোচ লুইস এনরিকের অধীনে অবিশ্বাস্য এক দলে পরিণত হওয়া প্যারিসের ক্লাবটি গত মৌসুমে জিতে নেয় নিজেদের প্রথম চ্যাম্পিয়নস লীগ শিরোপা।
যেটি একেবারেই আকস্মিক কোনো ঘটনা ছিল না; বরং ইউরোপিয়ান ফুটবলে নিজেদের ছাপ রেখে যেতেই যেন দলটির উত্থান। যার প্রমাণ বলতে পারেন টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠা। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় আর্সেনালকে হারাতে পারলে রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় ক্লাব হিসেবে (রিয়াল টানা তিনবার জিতেছিল) চ্যাম্পিয়নস লীগে টানা দুটি শিরোপা জেতার কীর্তি গড়া হয়ে যাবে।
মাঝের এক বছরে আর্সেনাল অনেক বদলেও গেছে। ২২ বছর পর প্রিমিয়ার লীগ শিরোপাও পুনরুদ্ধার করেছে। আর্সেনালকে নিয়ে তাই একটু বেশিই সতর্ক থাকতে হবে এনরিকেকে।
