১৮ কোটি মানুষের পক্ষে দাঁড়াবে জামায়াত- ডা. শফিকুর রহমান

ফন্ট সাইজ:

সংসদে বিরোধীদলীয় নেতা এবং জামায়াত আমীর ড. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষের বিপরীতে কোনো কার্যক্রম হলে জামায়াত ১৮ কোটি মানুষের পক্ষে দাঁড়াবে। তিনি জানান, একটি দায়িত্বশীল বিরোধীদল হিসেবে দেশের অগ্রগতি ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সরকারকে সর্বাত্মক সহায়তা করবে তাদের দল।
গতকাল রাজধানীর মিরপুরে ইয়াতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন- জামায়াত আমীর। তিনি বলেন, রাজনৈতিক মানবতার জন্য জনগণের ক্ষতি হবে এমন কোনো পরিস্থিতি সরকারের কিংবা বিরোধীদলের পক্ষ থেকে ঘটতে দেয়া হবে না। তবে দেশের স্বার্থ ক্ষুণ্ন হলে বিরোধীদল প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত থাকবে।
জামায়াত রাজনৈতিক দল হিসেবে প্রতিটি ভালো কাজের জন্য সরকারের সঙ্গে থাকবে জানিয়ে তিনি বলেন, যেখানে প্রয়োজন, সেখানে প্রয়োজন অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলা হবে। তবে তাদের ইচ্ছা, এমন পরিস্থিতি যেন গড়ে না ওঠে যেখানে প্রতিরোধের প্রয়োজন হয়। ডা. শফিকুর রহমানের ভাষ্য অনুযায়ী, বিরোধীদল সরকারের সঙ্গে সহযোগিতা করতে চায়, কিন্তু জাতীয় স্বার্থ বিপন্ন হলে জনগণের পক্ষে জবাবদিহি নিশ্চিত করতে তারা সজাগ থাকবে।
তিনি বলেন, শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়। তাহলে আমরা প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবো। ‘এখন টিভি’র ?চার সাংবাদিকের চাকরি হারানোর বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘এটা সাংবাদিকদের স্বাধীনতার উপর নির্লজ্জ আঘাত। আমরা সরকারের কাছে আশা রাখবো- সাংবাদিকদের চাকরিতে পুনর্বহাল করা হবে। নইলে আমরা মনে করবো সরকার একনায়কতন্ত্রের দিকে যাচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ঢাকা মহানগর উত্তরের আমীর সেলিম উদ্দিন। মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান, ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মুসা, উত্তরের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার প্রমুখ।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন