ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ববি হাজ্জাজের বক্তব্যের প্রতিবাদে সাদা দলের বিবৃতি

ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ববি হাজ্জাজের বক্তব্যের প্রতিবাদে সাদা দলের বিবৃতি

ফন্ট সাইজ:

ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) কোচিং সেন্টারের সঙ্গে তুলনা করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল। সংগঠনটি বলেছে, এ ধরনের মন্তব্য চরম অবমাননাকর, দায়িত্বজ্ঞানহীন এবং বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাসকে অপমান করার শামিল।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী সংগঠন সাদা দলের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।

বিবৃতিতে সাদা দল বলে, গবেষণা ও প্রকাশনায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষস্থানে রয়েছে। টাইমস হায়ার এডুকেশন এশিয়া র‌্যাংকিং অনুযায়ী এটি দেশের অন্যতম শীর্ষ গবেষণা শিক্ষাপ্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে প্রায় ৫৬টি সক্রিয় ও বিশেষায়িত গবেষণা ব্যুরো ও কেন্দ্র রয়েছে। এর মধ্যে উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র এবং সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র অন্যতম।

সাদা দল আরও বলে, প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্কোপাস ও ওয়েব অব সায়েন্স ইনডেক্সড জার্নালে অসংখ্য গবেষণাপত্র প্রকাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি অসত্য তথ্যের ভিত্তিতে দু’টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তুলনা করেছেন তা অত্যন্ত নিন্দনীয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে সংগঠনটি বলে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয়; এই বিশ্ববিদ্যালয় স্বাধীন বাংলাদেশ নামক রাষ্ট্রের অস্তিত্ব, জন্ম এবং বিকাশের ইতিহাসের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িত।

ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, গণঅভ্যুত্থান, মহান স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়টির ভূমিকার কথাও উল্লেখ করা হয় বিবৃতিতে।

বিবৃতিতে আরও বলা হয়, সংক্ষেপে বলতে গেলে-‘বাংলাদেশ মানেই ঢাকা বিশ্ববিদ্যালয়’।”
প্রতিমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে সাদা দল বলে, এমন একটি ঐতিহ্যবাহী ও জাতীয় আবেগ জড়ানো প্রতিষ্ঠান সম্বন্ধে একজন দায়িত্বশীল প্রতিমন্ত্রীর মুখে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় হলো কোচিং সেন্টার’-এই ধরনের বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।

সংগঠনটির দাবি, তার এই মন্তব্য কোনো সুস্থ বা ইতিহাস সচেতন মানুষের হতে পারে না; বরং এটি একজন চরম অর্বাচীন ব্যক্তির অজ্ঞতাপ্রসূত প্রলাপ বলেই প্রতীয়মান হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এই মন্তব্যের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাসকে অপমান করা হয়েছে। অবিলম্বে এ মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে সাদা দল হুঁশিয়ারি দেয়, অন্যথায় বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষার্থে শিক্ষক-শিক্ষার্থী সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন