সাফ নারী চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে ভারতের গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে জয় এলেও, মাঠের পারফরম্যান্স এবং প্রতিপক্ষের খেলার ধরন নিয়ে বেজায় অসন্তুষ্ট বাংলাদেশের বৃটিশ কোচ পিটার জেমস বাটলার। ম্যাচের মাত্র ১১ সেকেন্ডে আনিকা রানিয়া সিদ্দিকীর গোলে বাংলাদেশ এগিয়ে যাওয়ার পর উমহেলা মারমা, সুরভি আকন্দ প্রীতি ও কোহাতি কিসকু গোল করলেও, সুযোগ নষ্টের মহড়া চলেছে ম্যাচজুড়ে।
ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করে বাটলার বলেন, ‘আমরা এমন একটি দলের বিপক্ষে খেলেছি, যারা আসলে ফুটবল খেলতেই আসেনি। তারা কেবল মাঠে শুয়ে পড়ছিলো এবং সময় নষ্ট করছিলো। সুযোগগুলো হাতছাড়া না হলে ম্যাচটি অনায়াসেই ১০-২, ১২-২ বা ১৪-২ ব্যবধানের হতে পারতো।’ মালদ্বীপের গোলকিপারের প্রশংসা করলেও প্রতিপক্ষের বাকি ১০ খেলোয়াড়ের বারবার মাটিতে পড়ে গিয়ে খেলার গতি ধীর করার প্রবণতাকে দক্ষিণ এশিয়ান ফুটবলের জন্য নেতিবাচক বলে আখ্যা দেন তিনি।
ম্যাচে দুই গোল হজম করাকে রক্ষণভাগের ‘মনোযোগের অভাব ’ হিসেবে দেখছেন কোচ। এ ম্যাচে মোমিতা ও সুরভি আরফিনের অভিষেক করানোর পাশাপাশি একাদশে বেশ কিছু পরিবর্তন আনেন তিনি। তবে নিজের আক্রমণাত্মক ও সৃজনশীল ফুটবল দর্শনে অবিচল থাকার ঘোষণা দিয়ে বাটলার স্পষ্ট জানান, ‘যদি কেউ এই ঝুঁকিপূর্ণ খেলার ধরন পরিবর্তন করতে বলে, তবে আমি দায়িত্ব ছেড়ে চলে যাব।’
ভারতের বিপক্ষে আগামী রোববারের ম্যাচটি সম্পূর্ণ ভিন্ন হবে বলে মনে করেন বাটলার। ভারত রক্ষণাত্মক না খেলে আক্রমণাত্মক ফুটবল খেলবে, যা বাংলাদেশের স্বভাবজাত খেলার শৈলীকে আরও সহায়তা করবে। ভুলগুলো বিশ্লেষণ করে ভারতের বিপক্ষে চেনা ছন্দে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী বাংলাদেশ কোচ।
