ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় চলছে পশু কোরবানি। শুক্রবার সকালে মোহাম্মদপুর, ধানমন্ডি, ফার্মগেট, লালমাটিয়া ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় পশু জবাই করতে দেখা যায়।
ব্যক্তিগত নানা কারণে যারা কোরবানি দিতে পারেননি, তাদের অনেকেই আজ পশু কোরবানি করছেন।
সংশ্লিষ্টরা বলছেন, ঈদের প্রথম দিনে অতিরিক্ত চাপ থাকায় অনেকেই কসাই পাননি। আবার কোথাও নির্ধারিত স্থানে দীর্ঘ অপেক্ষা করেও জায়গা পাননি,
দ্বিতীয় দিনে সেই চাপ কিছুটা কমে আসায় আজ তুলনামূলক সহজেই কোরবানি সম্পন্ন করতে পারছেন তারা।
এদিকে বর্জ্য অপসারণে ব্যস্ত ঢাকার দুই সিটি করপোরেশন। আজ সকালেও এমন চিত্র দেখা গেছে। ঢাকার দুই সিটির জনসংযোগ বিভাগের সূত্র জানায়,
কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম শুরুর পর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ১২ হাজার ৬৮৪ টন বর্জ্য অপসারণ করেছে। আর রাত ৮টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বর্জ্য অপসারণ করেছে ৬ হাজার ৫০৪ টন।
