রাশিয়া-আফগানিস্তান সম্পর্ক জোরদার, আধুনিক অস্ত্র পাচ্ছে তালেবান

রাশিয়া-আফগানিস্তান সম্পর্ক জোরদার, আধুনিক অস্ত্র পাচ্ছে তালেবান

ফন্ট সাইজ:

রাশিয়ার কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জামসহ সামরিক সহায়তা পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। নির্ভরযোগ্য সূত্রের বরাতে বিবিসি এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম প্রদানে রাশিয়াকে রাজি করানোর এই কাজটি করতে সফল ভূমিকা রেখেছেন তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ।

সূত্রটি জানিয়েছে, প্রতিরক্ষা সরঞ্জাম দেয়ার বিষয়ে মস্কোর সাথে তালেবানের আগেই আলোচনা হয়েছিল এবং প্রতিরক্ষামন্ত্রীর সফরের সময় রাশিয়ার করা প্রতিশ্রুতি অনুযায়ী সিদ্ধান্ত বাস্তবায়নের পদক্ষেপ নেয়া হয়েছে।

তবে এই চুক্তিতে কেবল আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম রয়েছে, নাকি ড্রোনের মতো হামলার সরঞ্জামও অন্তর্ভুক্ত আছে, তা এখনো পরিষ্কার নয়।

বিবিসিকে সূত্রগুলো জানিয়েছে, দুই পক্ষ একটি চুক্তি স্বাক্ষর করেছে, যেখানে আকাশ প্রতিরক্ষা সরঞ্জামের পাশাপাশি স্থল সামরিক সরঞ্জাম এবং তালেবান সরকারের সামরিক বাহিনীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

রাজধানী মস্কোতে রাশিয়া এবং তালেবান সরকারের মধ্যে এই নথিতে স্বাক্ষর করা হয় বলে জানা গেছে। এ সময় রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সের্গেই শোইগু এবং তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ উপস্থিতি ছিলেন।

আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকে তালেবান সরকারের সাথে রাশিয়ার সুসম্পর্ক বজায় রয়েছে এবং আফগানিস্তানের বিভিন্ন প্রতিনিধিদল নিয়মিত দেশটিতে সফর করেছে।

কাবুলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এই চুক্তিটি প্রতিরক্ষা খাতে তালেবান সরকারের সাথে রাশিয়ার বোঝাপড়াকে প্রাতিষ্ঠানিক রূপ দিল।

প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ গত মঙ্গলবার একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে মস্কো সফর করেন।

ওই সময় তালেবান সরকারের একটি সূত্র বিবিসিকে বলে, মুজাহিদের এই রাশিয়া সফর আগে থেকেই নির্ধারিত ছিল এবং সফরের প্রস্তুতির জন্য একটি প্রতিনিধিদলও আগেই মস্কো গিয়েছিল।

সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বারবার সংঘাত হয়েছে। ওই সময় আকাশ প্রতিরক্ষা খাতে আফগানিস্তানের দুর্বলতার বিষয়টি বড়ভাবে সামনে আসে।

তখন থেকেই তালেবান সরকার আকাশ প্রতিরক্ষাসহ আধুনিক সামরিক সরঞ্জামের বিষয়ে বেশি আগ্রহী হয়ে ওঠে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রথম তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব কোনো আঞ্চলিক দেশের সাথে সামরিক ও কারিগরি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন