গাজা উপত্যকার নিয়ন্ত্রণ আরও বাড়িয়ে ৭০ শতাংশে উন্নীত করতে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার (২৯ মে) বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার এক সম্মেলনে বক্তব্য দেয়ার সময় নেতানিয়াহু বলেছেন, আপনারা জানেন যে আমরা বর্তমানে হামাসকে কোণঠাসা করছি। আমরা এখন গাজার ৬০ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করি। এটা আগে ছিল ৫০ শতাংশ, এখন তা ৬০-এ এসেছে। আমার নির্দেশ হলো এটি আরও বাড়ানো…। এ কথা বলার সময়ই উপস্থিত কেউ ‘১০০ শতাংশ’ বলে মন্তব্য করেন, যা নিয়ে মুহূর্তে আলোচনার সৃষ্টি হয়।
এদিন নেতানিয়াহু বলেন, ধাপে ধাপে এগোতে চাই, প্রথমে ৭০ শতাংশ। আমরা চারদিক থেকে তাদের চাপে ফেলছি, বাকি অংশ নিয়েও পরে ব্যবস্থা নেয়া হবে।
প্রতিবেদনে বলা হচ্ছে, গাজার নিয়ন্ত্রণ সম্প্রসারণের এই পদক্ষেপ হামাস–ইসরাইল যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে সাংঘর্ষিক। ২০২৫ সালের অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ওই চুক্তিটি সম্পন্ন হয়।
তবে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল গাজায় হামলা অব্যাহত রেখেছে এবং এর মধ্যে নেতানিয়াহুর এমন বিবৃতি এলো।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরাইলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৭৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে দাবি করেছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।
