ভারতের গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ দেখা গেল রোমাঞ্চ আর আশঙ্কার এক অদ্ভুত মিশ্রণ। সাফ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ৪-২ ব্যবধানের এক ঘামঝরানো জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। এ জয়ে বি গ্রুপ থেকে ভারতের পাশাপাশি সেমিফাইনাল নিশ্চিত হলো মারিয়া মান্ডাদের। টানা দুই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো মালদ্বীপ।
ম্যাচের শুরুটা ছিল যেন কোনো রূপকথার গল্প। ভারতের রেফারি কামানি রচনার বাঁশি বাজার ঠিক ১১ সেকেন্ডে মালদ্বীপের জালে বল পাঠান সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকী। অধিনায়ক মারিয়া মান্ডার পাস থেকে ঋতুপর্ণা চাকমার ক্রসে আনিকার এই গোলটি বাংলাদেশ তো বটেই, হতে পারে সাফ ইতিহাসেরই দ্রুততম গোল। জাতীয় দলের জার্সিতে এটিই আনিকার প্রথম গোল।
৩৪তম মিনিটে শামসুন্নাহার জুনিয়রের ক্রস থেকে ব্যবধান ২-০ করেন উমেলাহ মারমা। তবে এই স্বস্তি বেশিক্ষণ টেকেনি। ৪১তম মিনিটে গোলকিপার মিলি আক্তারের ভুলে মালদ্বীপের মারিয়াম নুরা ব্যবধান কমান।
দ্বিতীয় হাফে আরও বড় ধাক্কা খায় বাংলাদেশ। ডিফেন্ডার আফঈদার মারাত্মক ভুলে মালদ্বীপের আমিনাত ফাজলা গোল করলে ম্যাচ ২-২ সমতায় ফেরে। যে মালদ্বীপকে প্রথম ম্যাচে স্বাগতিক ভারত ১১-০ গোলে উড়িয়ে দিয়েছিল, তাদের সঙ্গেই তখন ড্রয়ের শঙ্কায় বর্তমান চ্যাম্পিয়নরা!
বিপদ বুঝে কোচ পিটার বাটলার মাঠে নামান তহুরা খাতুন ও প্রীতিকে। ৬৪তম মিনিটে ঋতুপর্ণার নিখুঁত ক্রস থেকে গোল করে দলকে স্বস্তি এনে দেন সুরভী আকন্দ প্রীতি। আর অতিরিক্ত সময়ে ঋতুপর্ণার ফ্রি-কিক থেকে হেডে শেষ গোলটি করেন কোহাতি কিসকু।
আগামী রোববার গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

আতিক
১ মাস আগেশেখ হাসিনার গড়া ফৃটবল দল ।