সোনি রাজদানকে বিয়ে করতে ইসলাম গ্রহণ করেন পিতা মহেশ ভাট

পুজা ভাটের খোলামেলা কথা

সোনি রাজদানকে বিয়ে করতে ইসলাম গ্রহণ করেন পিতা মহেশ ভাট

ফন্ট সাইজ:

বলিউড অভিনেত্রী পুজা ভাট তার বাবা মহেশ ভাটের ব্যক্তিগত জীবন এবং সোনি রাজদানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি জানিয়েছেন, সোনি রাজদানকে বিয়ে করার জন্য মহেশ ভাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। কারণ, তিনি কখনোই তার প্রথম স্ত্রী কিরণ ভাটকে আনুষ্ঠানিকভাবে ছাড়তে চাননি। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

নয়াদিল্লিতে ভিকি লালওয়ানির ইউটিউব চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে পুজা ভাট বলেন, তিনি তার বাবার সিদ্ধান্তকে সম্মান করেন। মহেশ ভাট ও তার প্রথম স্ত্রী কিরণ ভাটের বড় মেয়ে পুজা। তাদের আরেক ছেলে রাহুল ভাট। পরে সোনি রাজদানের সঙ্গে মহেশ ভাটের সংসারে জন্ম হয় আলিয়া ভাট ও শাহিন ভাটের।

সাক্ষাৎকারে পুজা বলেন, আমি কি এমন একজন বাবাকে চাইতাম, যিনি স্বীকার করেন তিনি মানুষ, তার অনুভূতিতে পরিবর্তন এসেছে এবং যে নারীর সঙ্গে তিনি পরিচিত হয়েছেন তার পাশে দাঁড়াতে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছেন? নাকি এমন একজন বাবাকে চাইতাম, যিনি সমাজের জন্য মায়ের সঙ্গে একই ছাদের নিচে থাকতেন। কিন্তু বাইরে ২০০টি সম্পর্ক চালাতেন। আর সবাই নীরব থেকে একটা স্বাভাবিকতার অভিনয় করত?

মহেশ ভাটের ধর্ম পরিবর্তনের প্রসঙ্গে পুজা বলেন, তিনি কখনোই আমার মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতেন না। আমি আমার বাবাকে নিয়ে একটা বিষয় জানি- তিনি একবার কারও হাত ধরলে সহজে ছাড়েন না। সেটা তার জীবনের নারী, সহকর্মী বা যাদের তিনি সুযোগ দিয়েছেন- সবার ক্ষেত্রেই সত্যি। তিনি পাশে থাকেন, নির্ভরযোগ্য।

পূর্ণ সাক্ষাৎকারে পুজা আরও জানান, যদিও তার বাবা সোনি রাজদানের সঙ্গে নতুন পরিবার শুরু করেছিলেন, তবুও কিরণ ভাটের সঙ্গে সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন হয়নি। ১৯৮৬ সালে সোনিকে বিয়ে করার সময় মহেশ ভাট ইসলাম গ্রহণ করেন, যাতে তাকে পূজার মাকে ডিভোর্স দিতে না হয়।

পুজা ভাট আরও স্মৃতিচারণ করে বলেন, একসময় তিনি ‘লাভ অ্যাফেয়ার’ নামের একটি সিনেমায় কাজ করছিলেন, যেটি পরিচালনার কথা ছিল তার সৎমা সোনি রাজদানের। যদিও সিনেমাটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি। তবে সেটির মাধ্যমে সোনির সঙ্গে তার খোলামেলা আলাপের সুযোগ হয়েছিল।

পুজা বলেন, আমি সোনিকে বলেছিলাম- তুমি এমন একটি সম্পর্ক ভাঙতে পারতে না, যা সত্যিকারের শক্ত ছিল। কোনো সম্পর্ক যদি মজবুত হয়, সেখানে তৃতীয় কারও জায়গা হয় না। কোথাও না কোথাও কিছু ঘাটতি ছিল বলেই অন্য কেউ সেখানে জায়গা করে নিতে পেরেছে।

তিনি আরও বলেন, এখন তিনি তার বাবা-মায়ের সম্পর্কের দিকে তাকিয়ে বুঝতে পারেন ভালোবাসার ধরন বদলে যেতে পারে। কিন্তু সম্পর্কের ভিত্তি থেকে যায়। তার ভাষায়, ভালোবাসা যদি এমন হতে পারে- যেখানে দুইজন মানুষ সব প্রতিকূলতার মধ্যেও নৈতিকভাবে একে অপরের পাশে থাকে, তাহলে সেটাই সত্যিকারের সম্পর্ক।

পুজা জানান, বর্তমানে সোনি রাজদানের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক গভীর। তিনি আলিয়া ও শাহিনকে নিজের বিস্তৃত পরিবারের অংশ হিসেবে দেখেন। ব্যস্ততা থাকলেও পরিবারটি ছুটি ও বিশেষ উপলক্ষে একসঙ্গে সময় কাটানোর চেষ্টা করে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন