ঈদের দিনে দুর্ঘটনা, আহতদের ভিড় ঢাকা মেডিকেলে

ফন্ট সাইজ:

পবিত্র ঈদুল আজহায় রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশু জবাই ও নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হওয়ার ঘটনা বেড়েছে। গরুর গুঁতো, ছুরিকাঘাত ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ৮০ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

আহতদের মধ্যে বেশির ভাগই কোরবানির পশু ধরতে গিয়ে গরুর গুঁতো কিংবা জবাইয়ের সময় অসাবধানতাবশত ছুরিকাঘাতে আহত হয়েছেন। আহতদের মধ্যে ফারুক মোল্লা, আনিছ, শাহের আলী, হারুন, তৌহিদ, রাহাত, করিম সিকদার, বেলাল হোসেন, জুয়েল, ইব্রাহিম, সিহাব, নাসির হোসেন, রাকিব, শুভ ও জাহাঙ্গীর আলমসহ অনেকে রয়েছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আহত অবস্থায় ৮০ জন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন, আবার কয়েকজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কারও কারও অবস্থা বিবেচনায় হাসপাতালে ভর্তি করা হতে পারে।

হাসপাতাল সূত্র জানায়, ঈদের দিন রাজধানীতে প্রতি বছরই কোরবানির পশু জবাইকে কেন্দ্র করে এ ধরনের দুর্ঘটনা ঘটে। চিকিৎসকেরা কোরবানির সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন