দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৭৭ শিশু।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, নতুন করে মারা যাওয়া শিশুদের কারও শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়নি। তবে তারা হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৭৭ শিশু। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৮৮ শিশুর। সব মিলিয়ে এ সময়ে হাম ও এর উপসর্গে মোট ৫৬৫ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৮২৬।
এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৭২৫ শিশু। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ২৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ হাজার ৯০৫ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ৮ হাজার ৮৮৫ জন।

আব্দুল ওয়াদুদ ভূঁইয়া
১ মাস আগেহাম মহামারি ঠেকাতে জনসচেতনতা অধিক প্রয়োজন।এই একটা জায়গাতেই আমরা বাংলাদেশিরা ভীষণ খামখেয়ালি।