এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে বেশ কঠিন গ্রুপেই জায়গা হয়েছে বাংলাদেশের। ২০২৭ সালে চীনে অনুষ্ঠিতব্য মূল পর্বের টিকিট পাওয়ার লড়াইয়ে লাল-সবুজের প্রতিনিধিদের গ্রুপসঙ্গী হয়েছে দুই সাবেক চ্যাম্পিয়ন উজবেকিস্তান ও সিরিয়া। এই ‘বি’ গ্রুপে রোনানদের আরেক প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত।
আজ বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান ফুটবলের সদর দপ্তরে এই বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে অংশ নেয়া ৩২টি দলকে মোট ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। ৮টি গ্রুপের চ্যাম্পিয়নরা সরাসরি এশিয়ান কাপের টিকিট পাবে। আর রানার্সআপ হওয়া দলগুলোর মধ্যে সেরা ৭টি দল তাদের সঙ্গে মূল পর্বে যোগ দেবে। তবে গ্রুপে চতুর্থ হওয়া দলকে ডেভেলপমেন্ট ফেজে (উন্নয়ন পর্ব) অবনমিত হতে হবে।
বাছাইপর্বে পট-৪ এ থাকা বাংলাদেশ গ্রুপে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ২০২৩ সালের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ জয়ী উজবেকিস্তানকে। যাদের জাতীয় দল নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে নামার অপেক্ষা করছে। গ্রুপের আরেক দল সিরিয়া ১৯৯৩ সালের চ্যাম্পিয়ন। এছাড়া, বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল সম্প্রতি ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে। এএফসির মঞ্চে আবারও তাদের মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে।
সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে। আগামী ২৫ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ প্রথমে স্বাগতিক উজবেকিস্তান, এরপর সিরিয়া এবং শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে।
কোয়ালিফিকেশন ফেজ (বাছাই পর্ব):
গ্রুপ এ: দক্ষিণ কোরিয়া, কিরগিজ প্রজাতন্ত্র (আয়োজক), ফিলিপাইন, লেবানন।
গ্রুপ বি: উজবেকিস্তান (আয়োজক), সিরিয়া, ভারত, বাংলাদেশ।
গ্রুপ সি: ইরান, ভিয়েতনাম (আয়োজক), উত্তর কোরিয়া, ফিলিস্তিন।
গ্রুপ ডি: জর্ডান, তাজিকিস্তান, বাহরাইন (আয়োজক), আফগানিস্তান।
গ্রুপ ই: সৌদি আরব, কাতার (আয়োজক), ওমান, হংকং।
গ্রুপ এফ: ইরাক, থাইল্যান্ড (আয়োজক), সংযুক্ত আরব আমিরাত (ইউএই), তুর্কমেনিস্তান।
গ্রুপ জি: জাপান, ইয়েমেন, কম্বোডিয়া (আয়োজক), কুয়েত।
গ্রুপ এইচ: অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, লাওস (আয়োজক)।
ডেভেলপমেন্ট ফেজ (উন্নয়ন পর্ব):
গ্রুপ আই: মঙ্গোলিয়া (আয়োজক), গুয়াম, নেপাল, নর্দান মারিয়ানা দ্বীপপুঞ্জ।
গ্রুপ জে: চাইনিজ তাইপে, সিঙ্গাপুর, ভুটান (আয়োজক), ম্যাকাও।
গ্রুপ কে: মিয়ানমার (আয়োজক), মালদ্বীপ, ব্রুনাই দারুসসালাম, শ্রীলঙ্কা।
