বাদ ফ্রিম্পং, ফিরেছেন ডিপাই

নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল

বাদ ফ্রিম্পং, ফিরেছেন ডিপাই

ফন্ট সাইজ:

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোম্যান। ঘোষিত এই দলে সবচেয়ে বড় চমক লিভারপুল তারকা জেরেমি ফ্রিম্পংয়ের বাদ পড়া। চোটপ্রবণতার কারণে অলরেড ডিফেন্ডার জায়গা না পেলেও, চোট কাটিয়ে শেষ মুহূর্তে দলে ফিরেছেন ডাচদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেম্ফিস ডিপাই।

উরু ও হাঁটুর চোট কাটিয়ে ডিপাইয়ের সঙ্গে দলে ফিরেছেন জাস্টিন ক্লাইভার্ট এবং আর্সেনালের হয়ে প্রিমিয়ার লীগ জেতা ডিফেন্ডার জুরিয়েন টিম্বার। অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইকের সঙ্গে দলে ডাক পেয়েছেন টিম্বারের ভাই কুইন্টেন টিম্বারও। এছাড়া ওয়েস্ট হ্যামের উইঙ্গার ক্রিসেনসিও সামারভিলের জাতীয় দলে অভিষেক হতে যাচ্ছে। সামারভিলের প্রশংসা করে কোম্যান বলেন, ‘ওর গতি এবং রক্ষণাত্মক নির্ভরযোগ্যতা দুর্দান্ত।’

তবে চোটের কারণে এপ্রিলে ছিটকে যাওয়া জাভি সিমন্স এবং রক্ষণভাগের দুই নির্ভরযোগ্য তারকা স্টেফান ডি ভ্রি ও মাতাইস ডি লিটকে পাচ্ছে না ডাচরা। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে লুটশাইরেল গিয়ারত্রুইদা ও ইয়ান মাটসেনকে।

তিনবারের রানার্স-আপ নেদারল্যান্ডসের শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে বাস্তববাদী কোচ কোম্যান বলেন, ‘আমরা জয়ের জন্যই লড়বো, তবে অন্যান্য পরাশক্তিদের শক্তি সম্পর্কেও আমি সচেতন। কোনো কিছুই অসম্ভব নয় এবং আমরা সেই লক্ষ্যেই এগিয়ে যাব। আমাদের দলটিকে হারানো কঠিন হবে, তবে বড় দলগুলোর বিপক্ষে টানা জেতাটা এখনো অনেক দূরের পথ।’

বিশ্বকাপের প্রস্তুতিতে মনোযোগ দিতে টুর্নামেন্ট চলাকালীন সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যম থেকে দূরে থাকার ঘোষণা দিয়েছেন কোম্যান। গ্রুপ ‘এফ’-এ ডাচদের প্রতিপক্ষ সুইডেন, জাপান এবং তিউনিসিয়া।

নেদারল্যান্ডসের চূড়ান্ত স্কোয়াড:

গোলকিপার: বার্ট ভারব্রুগেন (ব্রাইটন), মার্ক ফ্লেকেন (বায়ার লেভারকুসেন), রবিন রুফস (সান্ডারল্যান্ড)।

ডিফেন্ডার: ভার্জিল ভ্যান ডাইক (লিভারপুল), নাথান আকে (ম্যানচেস্টার সিটি), ডেনজেল ডামফ্রিস (ইন্টার মিলান), জুরিয়েন টিম্বার (আর্সেনাল), মিকি ভ্যান ডি ভেন (টটেনহ্যাম), জরেল হাতো (চেলসি), জান পল ভ্যান হেক (ব্রাইটন)।

মিডফিল্ডার: ফ্রেঙ্কি ডি ইয়ং (বার্সেলোনা), রায়ান গ্রাভেনবার্চ (লিভারপুল), তিয়ানি রেইন্ডার্স (ম্যানচেস্টার সিটি), তেউন কুপমেইনার্স (জুভেন্টাস), মার্টেন ডি রুন (আতালান্তা), কুইন্টেন টিম্বার (মার্সেই), ম্যাটস উইফার (ব্রাইটন), গুস তিল (পিএসভি)।

ফরোয়ার্ড: মেম্ফিস ডিপাই (করিন্থিয়ান্স), কোডি গাকপো (লিভারপুল), ডনিয়েল মালেন (রোমা), ক্রিসেনসিও সামারভিল (ওয়েস্ট হ্যাম), জাস্টিন ক্লাইভার্ট (বোর্নমাউথ), ওয়াউট ওয়েগহর্স্ট (আয়াক্স), নোয়া লাং (গালাতাসারাই), ব্রায়ান ব্রবি (সান্ডারল্যান্ড)।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন