আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি অনুশীলনে মহাতারকা নেইমারকে ছাড়াই মাঠে নামতে হয়েছে ব্রাজিল দলকে। ডান পায়ের কাফের চোটে ভুগতে থাকা এই ফরোয়ার্ডের অবস্থা আরও নিখুঁতভাবে যাচাই করতে গতকাল তাকে কিছু বাড়তি স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে বলে নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
ইসপিএন বলছে, মেডিক্যাল টিম সূত্রের মতে, জাতীয় দলের প্রধান চিকিৎসক রদ্রিগো লাসমার নিজে নেইমারকে ক্লিনিকে নিয়ে যান এবং সেখানে তার একটি এমআরআই স্ক্যান করা হয়। গত ১৭ মে সান্তোসের হয়ে কোরিতিবার বিপক্ষে ম্যাচে এই চোটে পড়ার পর থেকেই মাঠের বাইরে আছেন তিনি। রিও ডি জেনিরোর তেরেসোপোলিসের ট্রেইনিং ক্যাম্পে দলের সঙ্গে যোগ দিলেও চূড়ান্ত রিপোর্টের অপেক্ষায় আছেন নেইমার। তবে এ সাবেক বার্সেলোনা তারকার পক্ষে আগামী রোববার পানামার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে খেলা প্রায় অসম্ভব। ব্রাজিলের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ জুন, মিশরের বিপক্ষে।
অবশ্য চোট নিয়ে অতটা চিন্তিত নন ৩৪ বছর বয়সী নেইমার। মঙ্গলবার সান্তোসের ম্যাচ দেখার সময় চোটের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি উল্টো প্রশ্ন ছুঁড়ে দেন, ‘কীসের সমস্যা?’
কার্লো আনচেলোত্তির অধীনে প্রথম অনুশীলনে নেইমার ছাড়াও অনুপস্থিত ছিলেন রাইট-ব্যাক দানিলো, যিনি আগের রাতেই কোপা লিবের্তাদোরেসের ম্যাচ খেলেছেন। এছাড়া চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালের কারণে পিএসজির মার্কিনহোস এবং আর্সেনাল জুটি গ্যাব্রিয়েল মাগালায়েস ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি আগামী শনিবারের পর দলে যোগ দেবেন। আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
