আজ দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা না থাকায় ক্রিকেটাররা এবার পরিবারের সঙ্গেই উৎসবের দিনটি কাটাচ্ছেন। ঈদের এই আনন্দের মাঝেই আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে নিজের ভাবনা ও পরিকল্পনার কথা জানিয়েছেন জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ।
ঢাকায় ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তাসকিন। শুরুতেই সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবার কোরবানি কবুল করুক। প্রত্যেক বছরের ঈদই স্পেশাল। আমি যখনই সুযোগ পাই, দেশে থাকলেই এই ঈদগাহ মাঠে নামাজ আদায়ের চেষ্টা করি। আল্লাহর রহমতে এটা একটা অন্যরকম অনুভূতি।’
আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখলেও দলের সাম্প্রতিক ছন্দে আস্থা রাখছেন এই স্পিডস্টার। তাসকিন বলেন, ‘আলহামদুলিল্লাহ ভালোই আছি। তবে হ্যাঁ, অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা তো অবশ্যই সহজ হবে না। ওরা কঠিন প্রতিপক্ষ। তবে আমরাও আশাবাদী। আমরা গত কয়েকটা সিরিজ জিতেছি। এই ধারাবাহিকতাটা থাকলে ইনশাআল্লাহ সামনে অনেক উন্নতি হবে।’
তামিম-মিরাজদের ঈদ শুভেচ্ছা
তাসকিনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশের অন্য ক্রিকেট তারকারা। বিসিবি সভাপতি তামিম ইকবাল লিখেছেন, ‘ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য। ঈদের সময় বাসায় এবং ভ্রমণের পথে সবাই নিরাপদে থাকবেন ও সুস্থ থাকবেন, এই কামনা রইলো। ঈদ মোবারক! ’
অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মুবারক। মহান রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ মাফ করে দিন, আমাদের কুরবানী কবুল করে নিন। আমিন।’
সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজা ত্যাগের মহিমাকে স্মরণ করে লিখেছেন, ‘সকল দূরত্ব মুছে যাক, ত্যাগের আনন্দে প্রতিটি হৃদয় এক হোক। ঈদ মোবারক...।’
