আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা। উৎসবের এই দিনে ভারতের গোয়ার মারগাঁওয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। হ্যাটট্রিক শিরোপা জয়ের এই অভিযানে ঈদের দিন দেশবাসীকে জয় উপহার দিয়ে উৎসবে মাতাতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা।
সাফ নারী টুর্নামেন্টে বাংলাদেশের অধিনায়ক মারিয়া মান্ডা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। গোয়ার ডন বস্কো মাঠে দলের প্রস্তুতি শেষে মারিয়া বলেন, ‘আমরা অবশ্যই দেশবাসীকে ভালো কিছু উপহার দিতে চাই। আমাদের লক্ষ্য ভালো খেলা এবং আমরা জিতে দেশবাসীকে খুশি করতে চাই।’ মালদ্বীপের বিপক্ষে ম্যাচটিকে ৩১ মে অনুষ্ঠেয় ভারত ম্যাচের প্রস্তুতি হিসেবে দেখছেন কি না—এমন প্রশ্নে অধিনায়ক আরও বলেন, ‘ভারত ম্যাচের আগে কালকের ম্যাচ আমাদের জন্য একটি প্রস্তুতি। তবে আমরা কালকের ম্যাচ নিয়েই ভাবছি। ম্যাচ ধরে ধরে এগোতে চাই।’
এদিকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আজ এই মালদ্বীপকে ১১-০ গোলে উড়িয়ে দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। ফলে গ্রুপ সেরা হতে বাংলাদেশের সামনেও বড় ব্যবধানে জেতার এক অলিখিত চাপ রয়েছে। তবে অভিজ্ঞ ইংলিশ কোচ পিটার বাটলার এই ‘গোল-বন্যা’র তত্ত্বকে স্রেফ উড়িয়ে দিয়ে চেনা মেজাজে সতর্কবার্তা দিয়েছেন।
বাটলার স্পষ্ট ভাষায় বলেন, ‘১০, ১১ বা ১২ গোল করার মতো অবাস্তব কোনো কল্পনা করবেন না, ফুটবল এভাবে চলে না। আপনি যদি শুধু গোলের পেছনে বা সুযোগের পেছনে হন্যে হয়ে ছোটেন, তবে শেষ পর্যন্ত লক্ষ্য পূরণ না-ও হতে পারে।’
মালদ্বীপের বড় পরাজয়ের পেছনে দীর্ঘ ভ্রমণক্লান্তি ও প্রস্তুতির অভাবকে কারণ হিসেবে দেখছেন তিনি। অতীত ভুলে বিনয়ী থাকার তাগিদ দিয়ে কোচ মনে করিয়ে দেন, এটি একটি ম্যারাথন, কোনো স্প্রিন্ট নয়।
স্কোয়াড নিয়ে সুখবর হলো, গোলকিপার মিলি সুস্থ হয়ে উঠেছেন। তবে চোটের কারণে মালদ্বীপের বিপক্ষে দেখা যাবে না মাঝমাঠের অন্যতম ভরসা মনিকা চাকমাকে। তাকে ভারত ম্যাচের জন্য রাখা হচ্ছে। গোলপোস্টের নিচে দেখা যেতে পারে গত দুটি সাফজয়ী রুপনা চাকমাকেই।
২০২২ সালে প্রথমবার সাফের শিরোপা জেতে বাংলাদেশের মেয়েরা। ২০২৪ সালে বৃটিশ কোচ বাটলারের অধীনেই শিরোপা ধরে রাখে তারা। এবার হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে খেলতে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
