ক্যারিয়ারসেরা অবস্থানে মুশফিক ও তাইজুল

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং

ক্যারিয়ারসেরা অবস্থানে মুশফিক ও তাইজুল

ফন্ট সাইজ:

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক (২-০ ব্যবধানে) টেস্ট সিরিজ জয়ের সুফল হাতেনাতে পেলো টাইগাররা। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে উঠে আসার পর, এবার আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত ব্যক্তিগত র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। প্রায় দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো যৌথভাবে ১৬তম স্থানে উঠে এসেছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহীম। অন্যদিকে, বোলারদের তালিকায় ক্যারিয়ারসেরা ১১ নম্বরে জায়গা করে নিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে ৪ ইনিংসে একটি সেঞ্চুরি ও একটি ফিফটিসহ ২৫৩ রান করে সিরিজ সেরা হন ৩৯ বছর বয়সী মুশফিক। এই দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়েছেন তিনি। এর আগে টেস্টে তার সর্বোচ্চ র‍্যাঙ্কিং ছিল ১৭তম। মুশফিকের পাশাপাশি ব্যাটিংয়ে বড় উন্নতি করেছেন উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। সিরিজে ২৩৯ রান করা লিটন ১৪ ধাপ এগিয়ে বর্তমানে ২৪ নম্বরে অবস্থান করছেন। তবে প্রথম টেস্টে সেঞ্চুরি করলেও, দ্বিতীয় টেস্টে বড় রান না পাওয়ায় ৭ ধাপ পিছিয়ে ৩০ নম্বরে নেমে গেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বর্তমানে লাল বলের ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের জো রুট।

বল হাতে সিরিজে ২ ম্যাচে ১৩ উইকেট নিয়ে আলো ছড়ানো তাইজুল ইসলাম ২ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ৭৩২ রেটিং পয়েন্ট নিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় অলরাউন্ডারদের তালিকায়ও ৩ ধাপ এগিয়ে ২৯ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি।

মেহেদী হাসান মিরাজ ২ ধাপ এগিয়ে ২৫ নম্বরে এবং সিরিজে গতির ঝড় তোলা তরুণ পেসার নাহিদ রানা ১০ ধাপ এগিয়ে ৫৪তম স্থানে উঠে এসেছেন। বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে আছেন ভারতের যশপ্রীত বুমরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন