বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামীকাল। তবে একদিন আগেই ঈদের আনন্দে মেতে উঠেছেন দেশের নারী ক্রিকেট দলের সদস্যরা। ত্রিদেশীয় সিরিজ এবং আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে বর্তমানে স্কটল্যান্ডে অবস্থান করছেন নিগার সুলতানা জ্যোতিরা। যুক্তরাজ্যে আজ ঈদ পালিত হওয়ায় উৎসবের সেই আমেজ ছুঁয়ে গেছে টাইগ্রেস শিবিরেও।
সুদূর স্কটল্যান্ডে ঈদের নামাজ শেষে উৎসবমুখর পরিবেশে সময় কাটিয়েছেন নারী দলের ক্রিকেটার ও কোচিং স্টাফরা। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন পোশাকে সতীর্থদের সঙ্গে কাটানো হাসিখুশি মুহূর্তের ছবি শেয়ার করেছেন দলের তারকারা। বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা ফেসবুকে লিখেছেন, ‘দেশের বাইরে প্রথম ঈদ। সবাইকে ঈদের শুভেচ্ছা।’
পবিত্র এই উৎসবের দিনেও অবশ্য বিশ্রামের খুব একটা সুযোগ নেই মারুফা-জাহানারাদের। কড়া সূচির কারণে ঈদের আবহ ধরে রেখেই স্থানীয় সময় দুপুরে অনুশীলনে নেমে পড়ার কথা পুরো দলের। বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি সারতে গত রোববার রাতে প্রথম বহর এবং মঙ্গলবার শেষ ধাপে বাকি ১৩ জন ক্রিকেটার স্কটল্যান্ডে পৌঁছান। সেখানে একটি ত্রিদেশীয় সিরিজ খেলে সরাসরি বিশ্বকাপ মিশনে নামবে বাংলাদেশ দল।
এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ-১ এ টাইগ্রেসদের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডস। অন্যদিকে গ্রুপ-২ এ লড়াই করবে স্বাগতিক ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসূচি:
১৪ জুন: বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস– এজবাস্টন (বিকাল সাড়ে ৩টা)
১৭ জুন: বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া– হেডিংলি (বিকাল সাড়ে ৩টা)
২০ জুন: বাংলাদেশ বনাম পাকিস্তান – হ্যাম্পশায়ার বোল (সন্ধ্যা সাড়ে ৭টা)
২৫ জুন: বাংলাদেশ বনাম ভারত – ওল্ড ট্র্যাফোর্ড (সন্ধ্যা সাড়ে ৭টা)
২৮ জুন: বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা – লর্ডস (বিকাল সাড়ে ৩টা)
