এবারের ঈদযাত্রায় নানা চ্যালেঞ্জ থাকলেও মোটামুটি ভালোভাবেই উতরে যেতে পেরেছেন বলে মনে করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, এখন পর্যন্ত সবকিছু মিলে একটা ভালো যাত্রা আমরা ম্যানেজ করতে সক্ষম হয়েছি। দেড় কোটি মানুষের ঈদযাত্রা, প্রায় ৮০ লাখ কোরবানির পশু পরিবহন এবং সড়ক, রেল ও নৌপথে বাড়তি চাপের মধ্যেও সার্বিক পরিস্থিতি সন্তোষজনক। আজ বুধবার দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এসময় মন্ত্রী বলেন, সরকার সার্বক্ষণিকভাবে ঈদযাত্রা মনিটরিং করছে। যমুনা সেতুর আগে চন্দ্রা এলাকায় কিছু যানজট বা ধীরগতি থাকলেও সেটি স্বাভাবিক। কারণ সাত লেনের যানবাহন দুই লেনে প্রবেশ করায় সেখানে গাড়ির গতি কমে যাচ্ছে। তবে ব্যবস্থাপনায় কোনো সমস্যা নেই।
বাড়তি ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, কাউন্টার ও বাসস্ট্যান্ডের বাইরে কিছু অসাধু ব্যক্তি সুযোগ নেয়ার চেষ্টা করছে। যাত্রীদের বাড়ি যাওয়ার তাড়াহুড়োকে পুঁজি করে কেউ কেউ বেশি ভাড়া নিচ্ছে। প্রকাশ্যে বাড়তি ভাড়া আদায় যদি বন্ধ করা যায়, কাউন্টার ও বাসস্ট্যান্ডে যদি নির্ধারিত ভাড়া নিতে বাধ্য করা যায়, পরিবহন মালিক-শ্রমিকদের যদি এই ব্যবস্থায় অভ্যস্ত করা যায়, তাহলে ওই প্রবণতা আস্তে আস্তে দূর হয়ে যাবে।
তিনি বলেন, আমরা প্রশ্রয় দিচ্ছি না। যেখানে অভিযোগ শুনছি ব্যবস্থা নিচ্ছি, জরিমানা করছি। এটা হচ্ছে মেসেজ।
সড়ক পরিবহন মন্ত্রী আরো বলেন, বিআরটিএর কেন্দ্রীয় মনিটরিং সেলে বসে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। যাত্রীদের সঙ্গে কথা বলে আমি জেনেছি, অধিকাংশ ক্ষেত্রেই নির্ধারিত ভাড়ায় যাত্রীরা বাড়ি যাচ্ছেন।

A H Khan
১ মাস আগেতাহলে পত্রিকার খবর অনুযায়ী অতিরিক্ত ভাড়া আদায় এবং পথে চরম বিপর্যয় এসবই মিথ্যা!