সাভার-আশুলিয়ার এলাকার শিল্পকারখানাগুলোতে ঈদের ছুটিতে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। ঈদযাত্রা ঘিরে অতিরিক্ত যানবাহনের চাপে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন স্থানে কিছুটা যানজটের সৃষ্টি হতে দেখা গেছে। একইসঙ্গে রয়েছে যানবাহনের ধীরগতি। বুধবার সকাল থেকে বৃষ্টি হওয়ায় কিছুটা ভোগান্তিতেও পড়েছেন ঘরমুখো মানুষেরা। তবে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ করেছেন যাত্রীরা।
আশুলিয়া শিল্প পুলিশ-১ সূত্রে জানা গেছে, সাভার, আশুলিয়ায় তৈরি পোশাক শিল্প ও অন্যান্য প্রতিষ্ঠান মিলিয়ে প্রায় দেড় হাজার প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে গত দুই দিনে প্রায় ৮০ ভাগ প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা বাড়ির উদ্দেশে রওয়ানা হয়েছেন। বুধবার বাকি কারখানাগুলো ছুটি ঘোষণা করায় সড়কে অতিরিক্ত যাত্রীর চাপ এবং বৃষ্টির কারণে যানবাহন চলাচলে কিছুটা ধীরগতি রয়েছে।
সরজমিনে এদিন সকাল থেকে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া থানা এলাকায় বড় ধরনের কোনো যানজট দেখা যায়নি। তবে নবীনগর পল্লীবিদ্যুৎ থেকে বাইপাইল পর্যন্ত এবং শ্রীপুর থেকে নন্দনপার্ক পর্যন্ত কয়েকটি পয়েন্টে যানবাহনের কিছুটা ধীরগতি লক্ষ করা গেছে।
এদিকে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পরিবার-পরিজন নিয়ে রাস্তায় অপেক্ষা করছেন সাধারণ মানুষ। অনেকে টিকেট কেটে কাঙ্ক্ষিত গাড়ির জন্য অপেক্ষা করছেন। আবার অনেকে টিকেট না পেয়ে লোকাল গাড়িতে যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে ভাড়া মিটাচ্ছেন।
পোশাক কারখানার সুপারভাইজার আশরাফ আলী বিশমাইল এলাকায় পরিবার নিয়ে গ্রামের বাড়ি গাইবান্ধা যাওয়ার উদ্দেশে দাঁড়িয়ে আছেন। বৃষ্টিতে কাকভেজা হয়ে নিজ গন্তব্যে যাওয়ার জন্য গাড়ি দেখলেই ছুটে গিয়ে ভাড়ার বিষয়ে জানতে চাইছেন।
আশরাফ আলী বলেন, ‘যানজটের কথা মাথায় রেখে কারখানা দেরিতে ছুটি দেয়ায় সকাল বেলায় পরিবার নিয়ে বাড়ি উদ্দেশে রওয়ানা হয়েছি। বাসা থেকে বের হয়ে অটোরিকশা পাচ্ছিলাম না। যদিও পেয়েছি দুইগুণ ভাড়া দিয়ে এখানে আসলাম। সড়কে গাড়ি কিছুটা কম থাকায় হেলপার-কন্ট্রাক্টর ইচ্ছেমতো ভাড়া চাচ্ছেন।’
পোশাক শ্রমিক আমজাদ হোসেন গ্রামের বাড়িতে ঈদ করার জন্য পরিবার নিয়ে রওনা হয়েছেন খুব সকালে। কিন্তু আশুলিয়ার বাইপাইল বাস কাউন্টারে এসে কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে লোকাল বাসের জন্য অপেক্ষা করছেন বলে জানান তিনি। আমজাদ হোসেন বলেন, ‘লোকাল বাসে বাইপাইল থেকে বগুড়ার ভাড়া চাচ্ছে ৫০০ টাকার জায়গায় এক হাজার টাকা।’
অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে জানতে চাইলে সভার হাইওয়ে থানার ওসি কর্মকর্তা শেখ শাহজাহান বলেন, ‘প্রতিটি পয়েন্টে আমাদের পুলিশ সদস্যরা রয়েছেন। কোনো যাত্রী অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয় অভিযোগ করলে সঙ্গে সঙ্গে ওই পরিবহন এবং চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।’ বিষয়টি গুরুত্বসহকারে দেখছেন বলেও উল্লেখ করেন তিনি।
সাভার হাইওয়ে থানার ওসি শাহজাহান মিয়া বলেন, ‘মহাসড়কের কোথাও কোনো বড় ধরনের যানজট নেই। তবে বৃষ্টি এবং ঢাকা-আশুলিয়া-ইপিজেড সড়কে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের নির্মাণ কাজের কারণে যান চলাচলে ধীরগতি রয়েছে। এছাড়া যত্রতত্র পার্কিংয়ের কারণেও বাস স্টপেজগুলোতে গাড়ি থেমে থেমে চলছে।’
ঢাকা উত্তর ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) রুহুল আমিন সোহেল বলেন, ‘ঢাকা-আরিচা মহাসড়কে কোনো যানজট নেই। নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লীবিদ্যুৎ, পলাশবাড়ি, বাইপাইল এবং শ্রীপুর এলাকায় বাস কাউন্টারগুলোর সামনে যাত্রীর চাপ রয়েছে।’
