শেষ মুহূর্তে আশার আলো ভারতে

বিশ্বকাপ সম্প্রচার

শেষ মুহূর্তে আশার আলো ভারতে

ফন্ট সাইজ:

আগামী ১১ জুন পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬ আসরের। তবে টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েক সপ্তাহ বাকি থাকলেও ভারতের বাজারে সম্প্রচার স্বত্ব নিয়ে তৈরি হয় চরম অচলাবস্থা। অবশেষে সেই জটিলতা কাটানোর আভাস দিয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে আলোচনায় বসেছে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রতিষ্ঠান ‘জি এন্টারটেইনমেন্ট’।

এক বিবৃতিতে মঙ্গলবার জি জানায়, তারা ভারতে ২০২৬ বিশ্বকাপের টেলিভিশন ও ডিজিটাল স্ট্রিমিং স্বত্বের জন্য ফিফার সঙ্গে সরাসরি আলোচনা চালাচ্ছে। মূলত নিজেদের নতুন স্পোর্টস নেটওয়ার্ক ‘ইউনাইট৮ স্পোর্টস’-কে শক্তিশালী করতেই জি’র এই বড় পদক্ষেপ। এর আগে রিলায়েন্স-ডিজনি যৌথ উদ্যোগের সঙ্গে ফিফার আলোচনা স্থবির হয়ে পড়ে। রয়টার্সের তথ্যমতে, ২০২৬ ও ২০৩০ বিশ্বকাপের জন্য ফিফা শুরুতে ১০০ মিলিয়ন ডলার দাবি করলেও, পরে তা কমিয়ে ৬০ মিলিয়ন ডলারে নামায়। তবে ধনকুবের মুকেশ আম্বানির রিলায়েন্স মাত্র ২০ মিলিয়ন ডলারের প্রস্তাব দিলে আলোচনা থমকে যায়। ভারতের আরেক পরাশক্তি ‘সনি’ও এই দৌড় থেকে আগেই ছিটকে গেছে। বিশ্বজুড়ে ১৮০টিরও বেশি অঞ্চলে চুক্তি শেষ করলেও ভারতের বাজারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি ফিফা।

দল বিশ্বকাপে না থাকলেও দর্শক সংখ্যার বিচারে ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম বাজার। ফিফার তথ্য অনুযায়ী, ২০২২ কাতার বিশ্বকাপে ভারতের প্রায় ৭৪ কোটি ৫০ লাখ ভক্ত খেলা উপভোগ করেন। এমনকি কেবল টেলিভিশনের দর্শক সংখ্যায় (৮ কোটি ৪০ লাখ) জার্মানি ও ফ্রান্সের মতো পরাশক্তিদের পেছনে ফেলে শীর্ষ দশে ছিল ভারত। এখন দেখার বিষয়, শেষ মুহূর্তে জি এন্টারটেইনমেন্ট এই চুক্তি চূড়ান্ত করে কোটি কোটি ফুটবল ভক্তের উদ্বেগ কাটাতে পারে কি না।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন