এবার লেবাননের ৫০ শহরকে নিশানা ইসরাইলি বাহিনীর

এবার লেবাননের ৫০ শহরকে নিশানা ইসরাইলি বাহিনীর

ফন্ট সাইজ:

লেবাননের একের পর এক গ্রাম কিংবা শহর নিশানা করেই যাচ্ছে ইসরাইলি বাহিনী। দেশটি এবার লেবাননের অন্তত ৫০টি শহর, গ্রাম ঘিরে নতুন সতর্কতা জারি করেছে। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, অবিরাম সংঘাতের মধ্যে মঙ্গলবার প্রায় ১০ ঘণ্টার ব্যবধানে লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বহু শহর ও গ্রামে এবং দক্ষিণাঞ্চলীয় নগরী নাবাতিয়েতে বাসিন্দাদের জোরপূর্বক সরে যাওয়ার নির্দেশ জারি করেছে ইসরাইলি বাহিনী।

ইসরাইলের দেয়া নির্দেশনায় বলা হয়েছে, লক্ষ্যবস্তু করা এলাকাগুলোর বাসিন্দাদের অবিলম্বে সরে গিয়ে লেবাননের দক্ষিণাঞ্চলের জাহরানি নদীর উত্তরে অবস্থান নিতে হবে। এই নদী ইসরাইল সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার (২৫ মাইল) উত্তরে অবস্থিত।

ইসরাইলি বাহিনীর প্রকাশিত তালিকা অনুযায়ী, পরিকল্পিত হামলার আশঙ্কায় যেসব শহর ও গ্রাম খালি করার নির্দেশ দেয়া হয়েছে, সেগুলোর নাম পরবর্তীতে প্রকাশ করা হয়। এই নির্দেশনার ফলে দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকায় নতুন করে ব্যাপক বাস্তুচ্যুতির শঙ্কা তৈরি হয়েছে।

এসব এলাকার মধ্যে রয়েছে, মাছঘরাহ ও সোহমোর (বেকা উপত্যকা), সিডন (টায়ার), বোর্জ কালাউইয়ে, জেবছিত, আল-কুসাইবাহ (নবাতিহ), ফ্রাউন, ‘আবা, দেইর কিফা, কেফার স্যার, সাফরা, ঘান্দুরিয়েহ, নাফাখিয়েহ, কাকাইয়েত আল-জিসর, আদশীত আল-শকিফ, খিরবেত সেলম।

এ ছাড়াও রয়েছে, মাজদাল সালেম, ক্লায়া, টুলিন, এস-সাওয়ানা, বাফলিয়াহ, দেরদঘাইয়া, বারিচ, টায়ার ফেলসে, বেস্টিয়েটসহ আরও বহু এলাকা।

এদিকে মঙ্গলবার ইসরাইলি হামলায় লেবাননে এখন পর্যন্ত অন্তত ৩১ জন নিহত হয়েছে। দেশটিতে অতর্কিত হামলার মধ্যেও কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তিনি ঘোষণা দিয়েছেন যে, ইসরাইলি বাহিনী লেবাননে তাদের অভিযান আরও জোরালো করছে। নেতানিয়াহু জানান, ইসরাইলি সেনারা এখন বড় আকারের স্থলবাহিনী নিয়ে অভিযান চালাচ্ছে এবং কৌশলগত গুরুত্বপূর্ণ উঁচু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে।