ঈদ যাত্রার শেষ দিনেও গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার রাতভর তীব্র যানজটে ভোগান্তিতে পড়ার পর আজ বুধবার সকালে শুরু হওয়া বৃষ্টি ঈদ যাত্রায় দুর্ভোগ বাড়িয়ে দেয়।
অনেকে বাস না পেয়ে ট্রাক, পিকআপ—এমনকি সিএনজি অটোরিকশায় করে বাড়িতে ফিরছেন। মহাসড়কের কয়েকটি পয়েন্টে ধীরগতি ও থেমে থেমে চলছে যানবাহন। বিশেষ করে চন্দ্রা ত্রিমোড় ও চান্দনা চৌরাস্তায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। চন্দনা চৌরাস্তায় ফ্লাইওভারের ওপরেও দীর্ঘক্ষণ বসে থাকতে হচ্ছে ঈদে ঘরমুখো মানুষের। মূলত যত্রতত্র যাত্রী উঠানোকে ঘিরে এই জটলার সৃষ্টি হয়েছে।
চান্দনা চৌরাস্তায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে সামান্য পথ পাড়ি দিতে হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বাস না পেয়ে নিরুপায় হয়ে খোলা ট্রাক ও পিকআপে উঠে বৃষ্টিতে ভিজেই রওনা দিচ্ছেন মানুষ।
যাত্রীরা বলছেন, বৃষ্টির কারণে মহাসড়কে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। বৃষ্টিতে ভিজে ট্রাক ও পিকআপে বাড়ি ফিরছেন।
অন্যদিকে অনেকটা একই চিত্র উত্তরবঙ্গের বিভিন্ন জেলার যাত্রীদেরও।
