ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে আবারও রক্তাক্ত হয়ে উঠছে দেশের মহাসড়ক। একদিনে দেশের সাত জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন, দুই চাচাতো ভাই ও এক শিশুশিক্ষার্থীও রয়েছে। মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত সিরাজগঞ্জ, বরিশাল, সাতক্ষীরা, খুলনা, ফরিদপুর, জামালপুর ও চাঁদপুরে এসব দুর্ঘটনা ঘটে। বিভিন্ন ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর কোথাও যানজট, কোথাও বিক্ষুব্ধ জনতার ভাঙচুরের ঘটনাও ঘটে।
প্রতিনিধিদের পাঠানো খবর-
সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের সলঙ্গা থানার সিআরবিসি এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, দুর্ঘটনার পর তিনজনের মরদেহ উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় নেয়া হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, নিহতরা সবাই পুরুষ।
বরিশাল:
বরিশালের গৌরনদীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উজিরপুর উপজেলার ফিরোজ মাহমুদ (৩৭), তার স্ত্রী মনিয়া বেগম ও তাদের শিশুকন্যা জান্নাত। স্থানীয়রা জানান, যানজটের কারণে মোটরসাইকেলটি রাস্তার পাশে দাঁড়ানো ছিল। এ সময় বরিশালগামী তাজ আনন্দ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসে ভাঙচুর চালায়। এতে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছেন।
সাতক্ষীরা:
সাতক্ষীরার তালায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তেতুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন প্রসাদপুর গ্রামের নাসিম আলী ফকির (৩২) ও মেহেদী হাসান ফকির (২৫)। স্থানীয়রা বলছেন, মোটরসাইকেলে করে চুকনগরের দিকে যাওয়ার সময় একটি পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নাসিম মারা যান। গুরুতর আহত মেহেদীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
খুলনা:
খুলনার কয়রায় কোরবানির পশুবাহী নসিমন উল্টে মিজানুর রহমান (৩৬) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বাগালী ইউনিয়নের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান ওষুধ ব্যবসার পাশাপাশি গরু লালন-পালন করতেন। এ ঘটনায় তার সাত বছরের ছেলে হাবিবসহ আরও তিনজন আহত হয়েছেন। কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, শিশুটির মাথায় গুরুতর আঘাত লেগেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফরিদপুর:
ফরিদপুর সদর উপজেলার ব্রাহ্মণকান্দা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মিম খাতুন (২৬) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক গাড়িটি এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
জামালপুর:
জামালপুর সদরের ছোট জয়রামপুর এলাকায় বালুবাহী ড্রামট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে রত্না ভানু (৪৭) নামে এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সংঘর্ষের সময় ট্রাকের ধাক্কায় রাস্তার পাশে হাঁটতে থাকা রত্না ভানু ঘটনাস্থলেই নিহত হন। আহত চালক রিপনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে।
চাঁদপুর:
চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে ট্রাকের ধাক্কায় মিম আক্তার (৮) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে অনি-রনি ব্রিকস্ এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নানির সঙ্গে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় সড়ক পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
