অগ্রাধিকার তালিকা করার জন্য মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশ

ফন্ট সাইজ:

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মানুষের প্রত্যাশা হচ্ছে নতুন সরকার এসেছে, প্রথম ৬ মাসের মধ্যে সরকার কি কি কাজ করবে মানুষ তা দেখবে। গতি নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে। প্রথম ৬ মাসের মধ্যে কি কি কাজ করা সম্ভব হবে তার অগ্রাধিকার তালিকা করার জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
বৃহস্পতিবার ঢাকায় প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রথম কর্ম দিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচিতিমূলক সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। এ সময় প্রতিমন্ত্রী মো. নুরুল হক উপস্থিত ছিলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, দ্রুততার সাথে আন্তরিকতা নিয়ে মন্ত্রণালয়ের কাজ সম্পাদন জন্য মন্ত্রী কর্মকর্তাদের প্রতি আহবান জানান। আসুন আমরা নতুন বাংলাদেশ গঠনে জনগণের যে প্রত্যাশা সে প্রত্যাশা বাস্তবায়নে কাজ করি।
প্রবাসীদের কল্যাণ ও তাদের অধিকার সংরক্ষণে কত জনকে এ পর্যন্ত সহায়তা দেওয়া হয়েছে তার সুনির্দিষ্ট তালিকা প্রয়োজন। তারা কোন দেশ থেকে এসেছেন, কোন এলাকার কত জন, কাকে সহায়তা দিয়েছেন তার বিস্তারিত তালিকা করতে বলেন মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক শ্রম বাজার কেন, কী কারণে বন্ধ হয়ে আছে, এটার পরবর্তী পদক্ষেপ আপনারা কী নিয়েছেন, এটা চালু করার জন্য আপনারা কী পদক্ষেপ নিয়েছেন এবং যদি পদক্ষেপ না নিয়ে থাকেন তাহলে আমাদের ইমিডিয়েটলি কী করতে হবে। এটার একটা রিপোর্ট তৈরি করতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।
পরিচিতিমূলক সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে নবযোগদানকৃত প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক বলেন, দেশের বাইরে কাজ করতে যারাই যান তাদের সহযোগিতা করতে হবে। সাধারণত প্রবাসীরা বিদেশ যায় সোনার গয়না ও বাবা-মায়ের জমি বিক্রি করে। তাদের প্রতি আমাদের সদয় হতে হবে। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে কিছু কাজ করতে হবে। যে কোনো মূল্যে অভিবাসন ব্যয় কমাতে হবে। প্রবাসীদের সাথে আমাদের ব্যবহার ভালো করতে হবে এবং আন্তরিকতা দিয়ে তাদের কাজ করে দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, এখন সব কিছু অনলাইনে হয়, আমাদের যারা বাইরে যায়, যেন বৈধ পথে রেমিট্যান্স পাঠায় সেজন্য ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, জনগণের প্রতি কমিটমেন্টের জায়গা থেকে আন্তরিকতা এবং সততার সাথে দেশকে এগিয়ে নিতে চাই। সেক্ষেত্রে আপনাদেরকেও আমরা সহযোগী হিসেবে চাই।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নেয়ামত উল্ল্যা ভূইয়াসহ মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ ঊধ্বর্তন কর্মকর্তারা মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে মন্ত্রণালয়ে স্বাগত জানান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন