বিরতির পর ফের ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া, উত্তেজনা তুঙ্গে

বিরতির পর ফের ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া, উত্তেজনা তুঙ্গে

ফন্ট সাইজ:

উত্তর কোরিয়া দেশটির পশ্চিম উপকূলের সমুদ্রের দিকে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপি তাদের অনলাইনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সর্বশেষ এই সামরিক শক্তি প্রদর্শনে একটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছিল বলে ধারণা করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, ক্ষেপণাস্ত্রগুলো পশ্চিম উপকূলের সমুদ্রাঞ্চলের দিকে ছোড়া হয়েছে।

এর আগে গত ১৯ এপ্রিল উত্তর কোরিয়া একাধিক স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে পারমাণবিক কূটনীতি ভেঙে যাওয়ার পর থেকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র অস্ত্রভাণ্ডার সম্প্রসারণে মনোযোগ দিয়েছেন।

ট্রাম্প সম্প্রতি আবারও কিমের সঙ্গে আলোচনা শুরুর আগ্রহ প্রকাশ করেছেন। তবে পিয়ংইয়ং এখন পর্যন্ত সেই আহ্বানে সাড়া দেয়নি। আলোচনার পূর্বশর্ত হিসেবে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণের যে দাবি করেছে দেশটি তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কিম দক্ষিণ কোরিয়ার প্রতি আরও কঠোর অবস্থান নিয়েছেন। তিনি দক্ষিণ কোরিয়াকে দেশের 'স্থায়ী ও সবচেয়ে শত্রুভাবাপন্ন রাষ্ট্র' হিসেবে ঘোষণা করেছেন।

পারমাণবিক কর্মসূচি ঘিরে কূটনৈতিক অচলাবস্থা ও উত্তেজনা অব্যাহত থাকায় দেশ দুইটির মধ্যে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন