ইরানের সঙ্গে চুক্তির অংশ হিসেবে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে কাতার, সৌদি আরব, পাকিস্তান, মিশর, জর্ডান ও তুরস্কসহ বেশ কয়েকটি দেশকে অনুরোধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সোমবার (২৫ মে) স্বয়ং ট্রাম্প এই তথ্য জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, শনিবার তিনি এসব দেশের পাশাপাশি এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের নেতাদের সঙ্গেও কথা বলেছেন।
ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার একগুচ্ছ চুক্তিই হলো আব্রাহাম অ্যাকর্ডস। ইতিমধ্যে এতে আরব আমিরাত ও বাহরাইন স্বাক্ষর করেছে।
এখন প্রশ্ন উঠেছে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে এবং চুক্তি করতে দুইপক্ষের মধ্যে প্রধান মধ্যস্থতাকারী পাকিস্তান ট্রাম্পের এমন আহ্বানে কী করবে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অনেক ঘনিষ্ঠ হয়েছে।
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়ে তার ব্যাপক প্রশংসা করেছেন ট্রাম্প। এ ছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকেও চমৎকার নেতা হিসেবে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি, গত এপ্রিলে ইরানের কর্মকর্তাদের সঙ্গে শান্তি আলোচনার বৈঠক করতে ইসলামাবাদে যান মার্কিন প্রতিনিধি দল।
তবে এত সখ্যতার পরেও ট্রাম্পের এমন আহ্বানে নাখোশ হয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানান, তিনি মনে করেন না যে পাকিস্তানের আব্রাহাম চুক্তিতে যোগ দেয়া উচিত। তিনি ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান প্রত্যাখ্যান করেছেন।
সামা টিভিকে আসিফ বলেন, এ ধরনের কোনো চুক্তিতে যোগ দেয়া পাকিস্তানের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক হবে।
