ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও 'পরিকল্পিত হামলা' চালানোর হুঁশিয়ারি বার্তা দিয়েছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধ শুরুর পর কিয়েভে অন্যতম বড় হামলার কয়েকদিনের মাথায় এ হুমকি এলো।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আসন্ন হামলায় কিয়েভের 'সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্র', সামরিক কমান্ড পোস্ট এবং ড্রোন তৈরির কারখানাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।
একই সঙ্গে রাশিয়া কিয়েভে অবস্থানরত বিদেশি নাগরিক ও কূটনীতিকদের 'যত দ্রুত সম্ভব' শহর ছাড়ার আহ্বান জানিয়েছে। সেখানকার প্রশাসনিক ও সামরিক স্থাপনার কাছ থেকে দূরে থাকারও সতর্কবার্তা দিয়েছে মস্কো।
এদিকে ইউক্রেন রাশিয়ার এই হুমকিকে 'নির্লজ্জ ব্ল্যাকমেইল' বলে আখ্যা দিয়েছে এবং মস্কোর ওপর আরও চাপ বাড়াতে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে।
ইউক্রেনের দাবি, বিদেশি নাগরিকদের সরিয়ে নেয়ার আহ্বানের মাধ্যমে রাশিয়া কার্যত স্বীকার করছে যে তাদের হামলার উদ্দেশ্য বিদেশি কূটনৈতিক মিশনগুলোকেও ভয় দেখানো।
কিয়েভ আরও বলেছে, যুদ্ধ শুরুর পর থেকে রাজধানীতে রুশ হামলা 'প্রায় এক সপ্তাহও বন্ধ থাকেনি' এবং মস্কোর নিরাপত্তা হুমকি আগের মতোই রয়ে গেছে।
শনিবার রাতে রাশিয়ার ব্যাপক হামলায় কিয়েভ ও আশপাশের এলাকায় অন্তত চারজন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
অন্যদিকে মস্কোর দাবি, শুক্রবার স্টারোবিলস্ক শহরের একটি ছাত্রাবাসে ইউক্রেনের 'ইচ্ছাকৃত হামলায়' ২১ জন নিহত হওয়ার জবাব দিতেই এই নতুন হামলা ও হুমকি দেয়া হয়েছে।
