ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখী মানুষের চাপ বাড়ছে গাজীপুরের দুই মহাসড়কে। মঙ্গলবার সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনের ধীরগতি ও থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে চন্দ্রা ত্রিমোড়, সফিপুর, বোর্ডবাজার, ভোগড়া ও চান্দনা চৌরাস্তা এলাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
চন্দ্রা ত্রিমোড় এলাকায় কয়েক কিলোমিটার জুড়ে উত্তরবঙ্গগামী যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। সফিপুর থেকে চন্দ্রা উড়ালসড়ক এবং চন্দ্রা-নবীনগর সড়কের কয়েক কিলোমিটারজুড়ে থেমে থেমে চলছে যানবাহন।
গাজীপুরের প্রায় ৪০ থেকে ৪২ শতাংশ শিল্পকারখানায় আজ ঈদের ছুটি শুরু হওয়ায় শ্রমিকদের একসঙ্গে বাড়ি ফেরার চাপ পড়েছে মহাসড়কে। এতে বাসস্ট্যান্ডগুলোতে বেড়েছে যাত্রীদের ভিড়। অনেক স্থানে সড়কের ওপর যাত্রী ওঠানামা এবং অনিয়মিত পার্কিংয়ের কারণেও যানজট বাড়ছে বলে জানিয়েছেন চালক ও যাত্রীরা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম আশরাফুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোথাও যানবাহন বিকল হলে দ্রুত সরিয়ে নিতে প্রস্তুত রাখা হয়েছে রেকারও।
