সোনম কাপুর দম্পতির লন্ডনে ২৭০ কোটি রুপির বিলাসী প্রাসাদ

সোনম কাপুর দম্পতির লন্ডনে ২৭০ কোটি রুপির বিলাসী প্রাসাদ

ফন্ট সাইজ:

লন্ডনের নটিং হিলে প্রায় ২৭০ কোটি রুপিতে বিলাসবহুল এক প্রাসাদ কিনেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও তার ব্যবসায়ী স্বামী আনন্দ আহুজা। এখানেই শেষ নয়। এর কাছাকাছি তারা কিনেছেন আরও ৫টি ফ্ল্যাট। কিন্তু নটিং হিলের প্রাসাদ ঘিরে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ তৈরি হয়েছে তাদের। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২০০ বছরের পুরনো এই প্রাসাদটি তিন বছর আগে প্রায় ২৭০ কোটি রুপিতে কিনেছেন এই দম্পতি। সম্পত্তি কেনার পরপরই তারা ভবনটির অভ্যন্তরীণ পুনঃনির্মাণের পরিকল্পনা করেন। এ সময় শুধু বাইরের চারটি দেয়াল অক্ষত রাখার কথা ছিল। পরিকল্পনায় ছিল একটি বেসমেন্ট সুইমিং পুল এবং ভূগর্ভস্থ বাস্কেটবল কোর্টও থাকবে। প্রায় তিন বছর ধরে আপত্তি ও আইনি প্রক্রিয়া চলার পর চলতি মাসের শুরুতে সংস্কার পরিকল্পনাটি অনুমোদন পায়। তবে এরপর থেকেই প্রতিবেশীদের সঙ্গে উত্তেজনা আরও বেড়েছে। ডেইলি মেইলের দাবি, এই দম্পতির সঙ্গে যুক্ত একটি কোম্পানি পাশের আবাসিক ভবন হিলক্রেস্টে আরও পাঁচটি ফ্ল্যাট প্রায় ৫১ কোটি রুপিতে কিনেছে। কিছু বাসিন্দার আশঙ্কা, ভবিষ্যতে এই ফ্ল্যাটগুলো প্রাসাদের কর্মীদের ‘সার্ভেন্টস কোয়ার্টার’ হিসেবে ব্যবহার করা হতে পারে। সোনম দম্পতির এক প্রতিনিধি জানান, ফ্ল্যাটগুলো যে কোম্পানি কিনেছে, তার সঙ্গে সোনম কাপুরের সরাসরি কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, এগুলো কেবল বিনিয়োগের উদ্দেশ্যে কেনা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় বাসিন্দাদের অনেকেই প্রকাশ্যে আপত্তি জানাতে ভয় পাচ্ছেন। কারণ এই দম্পতি প্রভাবশালী।

একজন বাসিন্দা ডেইলি মেইলকে বলেন, তারা ক্ষমতাবান বলে আমরা মুখ খুলতে ভয় পাই। এখানে আমাদের একটা কমিউনিটি ছিল। কিন্তু এখন কিছু বিলিয়নিয়ার আমাদের এলাকাকে নিজেদের খেলার মাঠ বানাতে চাইছে। তিনি আরও বলেন, তারা যেটাকে ‘সোশ্যাল হাউজিং’ বলছে, সেখানে মানুষ আনলে পরিস্থিতি আরও বদলে যাবে। এটা অদ্ভুত এক হুমকি। পুরো ব্যাপারটাই সন্দেহজনক। কিছু ফ্ল্যাটে এখনো কেউ থাকে না। কিছু সংস্কার করা হচ্ছে। কিন্তু আড়ালে থেকে তারা এখানে কী হবে তা নিয়ন্ত্রণ করছে। এটা কীভাবে গ্রহণযোগ্য?

প্রতিবেদন অনুযায়ী, এক গোপন বৈঠকে বাসিন্দাদের সতর্ক করা হয়েছিল যে, তারা আপত্তি জানাতে থাকলে ওই ফ্ল্যাটগুলো ‘সোশ্যাল হাউজিং’-এর জন্য খুলে দেয়া হতে পারে। আরেক বাসিন্দার দাবি, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা অব্যাহত রাখলে বাড়ির মালিকরা আইনি পদক্ষেপের মুখোমুখি হতে পারেনÑ এমন আশঙ্কাও তৈরি হয়েছে। নতুন কেনা ফ্ল্যাট ছাড়াও সোনম ও আনন্দের নটিং হিলে আরও একটি অ্যাপার্টমেন্ট ও একটি স্টুডিও আছে।

এ ছাড়া মুম্বই ও দিল্লিতেও তাদের বাড়ি আছে। আনন্দ আহুজা ভারতের অন্যতম বৃহৎ পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান শাহি এক্সপোর্টসের মালিক পরিবারের সদস্য। তিনি ফ্যাশন ব্র‍্যান্ড ভানে-এর প্রতিষ্ঠাতা এবং স্নিকার বিক্রেতা প্রতিষ্ঠান ভেগননভেগ-এর সহ-প্রতিষ্ঠাতাও।
সোনম কাপুর ও আনন্দ আহুজা ২০১৮ সালের ৮ই মে বিয়ে করেন। তাদের দুই ছেলে আছে। তারা হলো ২০২২ সালের আগস্টে জন্ম নেয়া বায়ু ও ২০২৬ সালের ২৯শে মার্চ জন্ম নেয়া ছোট ছেলে রুদ্রলোক।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন