নতুন কোচ থমাস ডুলির অধীনে গতকাল শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি। আগামী ৫ই জুন সান মারিনোর বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচকে সামনে রেখে বসুন্ধরা কিংস অ্যারেনায় ক্যাম্প করেছে লাল-সবুজের দল। এটি হবে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপের মাটিতে ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ। গতকাল থেকে শুরু হওয়া প্রস্তুতি ক্যাম্পে ডাক পাওয়া ৩০ ফুটবলারের মধ্যে যোগ দিয়েছেন ১৬ জন। সেখানে আছেন জামাল ভূঁইয়াও। হাভিয়ের কাবরেরা অধ্যায়ের পুরোটাই বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন জামাল। তবে শেষের বেশ কিছু ম্যাচে জামাল ছিলেন নন-প্লেয়িং অধিনায়ক।
অর্থাৎ প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে কোচের সঙ্গী হয়ে আসতেন। দল নিয়ে, ম্যাচ নিয়ে দল এবং নিজের প্রত্যাশা ও প্রস্তুতির কথা জানাতেন। তবে ম্যাচে শুরুর একাদশে জামালকে দেখা যেতো না। মাঝেমধ্যে বদলি হিসেবে নামতেন। তবে বেশিরভাগ সময় কাটাতে হতো বেঞ্চে। কাবরেরা অধ্যায়ের অবসানের পর এসেছেন নতুন কোচ টমাস ডুলি। নতুন কোচের অধীনে নতুন শুরুর আশায় জামাল বোমা ফাটালেন কাবরেরাকে নিয়ে। জামাল বললেন, কাবরেরা নাকি তাকে পছন্দই করতেন না!
২০১৩ সালে অভিষেকের পর থেকে একটানা জাতীয় দলে খেলছেন জামাল। অভিজ্ঞ এই ফুটবলার পৌঁছে গেছেন ক্যারিয়ারের ক্রান্তিলগ্নে। পুরো ৯০ মিনিট একই গতিতে খেলার মতো অবস্থায় আর নেই। তারপরও কাবরেরা তাকে দলে নিয়েছেন, দিয়েছেন নেতৃত্বের দায়িত্ব। খেলার সুযোগ শেষ দিকে কম দেয়ায় কাবরেরায় ক্ষেপেছেন জামাল। গতকাল সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়ে জামাল নতুন শুরুর কথা জানিয়ে বলেন, ‘নতুন কোচের অধীনে আমরা নতুন একটা যাত্রা শুরু করতে যাচ্ছি।
যিনি আগে ছিলেন উনি আসলে আমাকে পছন্দ করছিল না। এটা সবাই জানে। তাই আশা করি নতুন কোচের অধীনে নতুন শক্তি নিয়ে নতুনভাবে শুরু হবে। আমি আমার সেরাটা দেবো।’ ফিফা র্যাঙ্কিংয়ের তলানীর দল সান মারিনোর বিপক্ষে ম্যাচ নিয়ে রোমাঞ্চিত জামাল বলেন, ‘প্রত্যাশা তো অবশ্যই অনেক বড়। প্রথমবার আমরা ইউরোপে গিয়ে খেলবো। তাই অনুভূতিটা একটু আলাদা। কারণ আবহাওয়া এশিয়া থেকে একেবারেই আলাদা। ওখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়ার পথ আমাদের খুঁজে নিতে হবে। এই ম্যাচ নিয়ে আমরা ভীষণ রোমাঞ্চিত।‘ এই ক্যাম্পে রাখা হয়েছে ৩০ ফুটবলার। এর মধ্যে গতকাল ক্যাম্পে যোগ দিয়েছেন ১৬ ফুটবলার।
বসুন্ধরা কিংসের ফুটবলাররা যোগ দেবেন আজ। আর হামজা চৌধুরী, শমিত সোম ও জায়ান আহমেদ সরাসরি যাবেন সান মারিনো। দলের ম্যানেজার আমের খান বলেন, ‘আজকে (গতকাল) ১৬ জনকে নিয়ে অনুশীলন শুরু করেছি। বসুন্ধরার খেলোয়াড়রা কালকে (আজ) যোগ দেবে। হামজা, শমিত সোম, জায়ান সরাসরি যোগ দেবে। আমরা তারেক কাজীকে নিয়ে কাজ করছি। ওর ২৯শে মে আসার কথা আছে। যদি ২৯শে মে না আসে তাহলে ওকে ভুটান থেকে কীভাবে সান মারিনো নিতে পারি, সেটার চেষ্টায় আছি।’
গতকাল বিকালে কিংস অ্যারেনায় টমাস ডুলি বাংলাদেশ অধ্যায় শুরু করেছেন ১৬ ফুটবলার নিয়ে। এরই মধ্যে ডুলির ইতালি বংশদ্ভুত সহকারী কোচ মার্কো ব্রুনো যোগ দিয়েছেন ক্যাম্পে। এদিকে ফর্টিসের মাঠে ৩২ ফুটবলারকে নিয়ে গতকাল সকালে অলিম্পিক দলের প্রস্তুতি শুরু করেছেন কোচ মারুফুল হক। মালদ্বীপে ১ থেকে ১০ই জুন অনুষ্ঠিত হবে ডায়মন্ড জুবিলী আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ২০২৬। এই আসরে স্বাগতিক মালদ্বীপ ছাড়াও খেলবে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
