মায়ামিতে মেসির চোট, বিশ্বকাপে খেলবেন তো!

মায়ামিতে মেসির চোট, বিশ্বকাপে খেলবেন তো!

ফন্ট সাইজ:

বিশ্বকাপের আগে মেজর লীগ সকারে ইন্টার মায়ামির হয়ে শেষ ম্যাচে খেলতে নামেন লিওনেল মেসি। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে দুটি অ্যাসিস্ট করেন আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচটি ৬-৪ গোলে জিতে নেয় মিয়ামি। তবে পুরো ম্যাচে খেলা হয়নি মেসির। ৭২ মিনিটে মাঠ ছেড়ে যান তিনি। ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড তার উরুর পেছনে হাত দিয়ে ইশারা করলে সতর্কতামূলকভাবে তাকে মাঠ থেকে তুলে নেয়া হয়। ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ গিলার্মো হোয়োস আর্জেন্টাইন ভক্তদের স্বস্তির খবর দেন। তিনি বলেন, ‘মেসির কোনো চোট নেই। ও কেবল প্রচণ্ড ক্লান্ত ছিল। মাঠের মাটি বেশ ভারী ও শক্ত ছিল। কোনো রকম ঝুঁকি না নিতেই আমরা ওকে তুলে নিয়েছি।’

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই বদলি করা হয়েছিল মেসিকে। মূলত হ্যামস্ট্রিংয়ের টান অনুভব করায় আর ঝুঁকি নিতে চাননি তিনি। তাই জায়গাটিতে বাড়তি চাপ না দিয়ে নিজেই মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন। ২০২৩ সালে মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে মেসি ওয়ার্কলোড ম্যানেজমেন্টে বেশ সতর্ক। মাঝেমধ্যেই তাকে ছাড়া খেলেছে মায়ামি। গত কয়েক বছরে হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে কয়েকবার সাইডলাইনে ছিলেন।

এই বছরের শুরুতে মায়ামির প্রাক মৌসুমে বেশিরভাগ ম্যাচ খেলেননি। সবশেষ পাওয়া চোট গুরুতর হলে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশন বেশ বড় ধাক্কা খাবে। মেসি এই মৌসুমে ১৪টি ম্যাচে ১২ গোল এবং ৭টি অ্যাসিস্ট করেছেন। এখনো বিশ্বকাপের দল ঘোষণা করেনি আর্জেন্টিনা। তবে বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে মেসির খেলা প্রায় নিশ্চিত বলেই ধরে নেয়া যায়। তাকে রেখেই যে দল ঘোষণা হবে, সেটা জানিয়েছেন সহকারী কোচ রবার্তো আয়ালা। আগামী ১৬ জুন ‘জে’ গ্রুপে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। এবার বিশ্বকাপ শুরু হবে ১১ই জুন। আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন