বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নান্নুসহ ৮ পরিচালক

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নান্নুসহ ৮ পরিচালক

ফন্ট সাইজ:

আগামী ৭ই জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। তবে ভোট গ্রহণের আগেই চূড়ান্ত হয়েছে ৮ পদের ভাগ্য। গতকাল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ৩ জন প্রার্থী নিজেদের সরিয়ে নেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন ৮ জন পরিচালক। নির্বাচন কমিশন চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। জানা গেছে ক্যাটাগরি-১ থেকে এখন কেবল ২ বিভাগে ভোট হবে। মূল নির্বাচনী উত্তাপ ছড়াবে ক্যাটাগরি-২ বা ক্লাব ক্যাটাগরিতে।

সেখানে ১২ পদের বিপরীতে ভোটের মাঠে লড়বেন ১৬ জন হেভিওয়েট প্রার্থী। বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রধান ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল এই ক্যাটাগরি থেকে লড়ছেন। প্রত্যাহারের দিনে ক্যাটাগরি-১ এর চট্টগ্রাম বিভাগ থেকে সরে দাঁড়ান ফেনী জেলার শরীফুল ইসলাম। তার সরে যাওয়ায় চট্টগ্রাম থেকে বিনা ভোটে নির্বাচিত হন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও লক্ষ্মীপুরের মঈন উদ্দিন চৌধুরী। ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ নির্বাচিত হয়েছেন। সিলেট থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী কোনো ধরনের বাধা ছাড়াই বেশ পরিচালক হতে যাচ্ছেন।

অন্যদিকে রাজশাহী থেকে মীর শাকরুল আলম সীমান্ত ও রংপুর থেকে মির্জা ফয়সাল আমীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড পরিচালক নির্বাচিত হয়েছেন। ক্যাটাগরি-৩ থেকে একমাত্র প্রার্থী হিসেবে একক মনোনয়নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরাজউদ্দিন মো. আলমগীর বিনা বাধায় পরিচালক হয়েছেন। অভিজ্ঞ এই সংগঠক নাজমুল হাসান পাপনের প্রথম মেয়াদের কমিটিতেও ছিলেন। প্রথমবার তিনি এই বোর্ডে এসেছিলেন অনেক আগে। এখন ক্যাটাগরি-১ এ কেবল খুলনা ও বরিশাল বিভাগে ব্যালট যুদ্ধ হবে। খুলনা বিভাগের ২ পরিচালক পদের জন্য লড়বেন মো. শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মো. আব্দুছ সালাম। অন্যদিকে বরিশাল বিভাগের ১ পদের জন্য মুখোমুখি হবেন মো. মিজানুর রহমান এবং মো. মুনতাসির আলম চৌধুরী। এই ২ বিভাগের নির্বাচন ঘিরে সবার দারুণ এক আগ্রহ।

ঐতিহ্যবাহী ঢাকা প্রিমিয়ার লীগ বা ক্যাটাগরি-২ এর ১২ পদের জন্য লড়বেন ১৬ জন। এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। চূড়ান্ত প্রার্থীদের তালিকায় আছেন আবাহনীর ফাহিম সিনহা, মোহামেডানের মাসুদুজ্জামান, শাইনপুকুরের আসিফ রব্বানী, উত্তরার ফৈয়াজুর রহমান ও বসুন্ধরার ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

এছাড়া ওল্ড ডিওএইচএস এর তামিম ছাড়াও ট্রাই স্টেটের মোহাম্মদ আমজাদ হোসেন, আজাদের মির্জা ইয়াসির আব্বাস, এক্সিউমের ইসরাফিল খসরু, ইন্দিরা রোডের মো. রফিকুল ইসলাম বাবু, ওয়ান্ডারার্সের ডা. সরকার মাহবুব আহমেদ শামীম ও মেরিনার্সের শানিয়ান তানিম নাভিন লড়ছেন। ফেয়ার ফাইটার্সের সাঈদ ইব্রাহীম আহমেদ, তেজগাঁওয়ের সৈয়দ বোরহানুল হোসেন, পূর্বাচলের সাকিব আহমেদ সালাম এবং কাঁঠালবাগানের মেজর ইমরোজ আহমেদও ভোটের মাঠে রয়েছেন। প্রতিটি ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কে হাসবেন শেষ হাসি, তা দেখতে অপেক্ষায় ভক্তরা। ‘ক্রিকেট’ নিয়ে এমন রোমাঞ্চকর নির্বাচন এর আগে খুব একটা দেখা যায়নি। চূড়ান্ত ফলের জন্য আগামী ৭ই জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন