২ রানে ৬ উইকেট

২ রানে ৬ উইকেট

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক অবিশ্বাস্য ও মিতব্যয়ী রেকর্ড গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। মাত্র ২ রান খরচায় একাই শিকার করেছেন ৬টি উইকেট। পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের ইতিহাসে ৬ বা তার বেশি উইকেট নেয়া বোলারদের মধ্যে এটিই এখন সবচেয়ে কিপটে বা মিতব্যয়ী বোলিংয়ের বিশ্ব রেকর্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান উপ-আঞ্চলিক বাছাইপর্বের ম্যাচে মালির বিপক্ষে এই কীর্তি গড়েন ৩৪ বছর বয়সী এই মিডিয়াম পেসার। তার এই বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি মালি। মাত্র ২৪ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। জবাবে বতসোয়ানা কোনো উইকেট না হারিয়ে মাত্র ২.২ ওভারেই ১০ উইকেটের বিশাল জয় তুলে নেয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এত কম রান দিয়ে ৬ উইকেট নেওয়ার রেকর্ড এর আগে আর কারো ছিল না।

এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন সিঙ্গাপুরের লেগ স্পিনার হার্শা ভারদ্বাজ। ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে ৪ ওভার বোলিং করে মাত্র ৩ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। এবার হার্শাকে ছাড়িয়ে শীর্ষে উঠলেন নাবিল। তবে ওভারঅল সেরা বোলিং ফিগারের বিশ্ব রেকর্ডের তালিকায় নাবিল মাস্টার যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছেন। আর বতসোয়ানার প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৬ উইকেট নেওয়ার গৌরব অর্জন করলেন তিনি।

রোববার মালির বিপক্ষে ইনিংসের ষষ্ঠ ওভারে প্রথম বোলিংয়ে আসেন নাবিল। নিজের প্রথম ওভারে দেন মাত্র ১ রান। অষ্টম ওভারে যখন তিনি দ্বিতীয়বার বল হাতে নেন, মালির স্কোর তখন ৪ উইকেটে ১৮ রান। ওই ওভারে কোনো রান না দিয়েই (মেডেন) তুলে নেন ৩টি উইকেট! এরপর নিজের পরের ওভারে (ইনিংসের দশম ওভার) প্রথম চার বলের মধ্যে আরও ৩টি উইকেট নিয়ে মালির ইনিংস একাই ধসিয়ে দেন তিনি। সবমিলিয়ে ২.৪ ওভার বল করে মাত্র ২ রান দিয়ে নেন ৬ উইকেট।

২০১৯ সালের মে মাসে বতসোয়ানার হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় নাবিল মাস্টারের। অভিষেক ম্যাচে ৩০ রানে ১ উইকেট পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে বোলিংই পাননি। এরপর দল থেকে বাদ পড়ে দীর্ঘ সাত বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন। গত শনিবার দেশের হয়ে আবার মাঠে নামার সুযোগ পান তিনি। ফেরার ম্যাচে ১০ রানে ২ উইকেট নিয়ে দলে নিজের কার্যকারিতা প্রমাণ করেন। পরের দিন তো ইতিহাস গড়ে ক্রিকেট বিশ্বের নজর কাড়লেন এই পেসার।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন