মিলানকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লীগে কোমো

মিলানকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লীগে কোমো

ফন্ট সাইজ:

ইতালিয়ান ‘সিরি আ’ ফুটবল লীগে অবিশ্বাস্য সমাপ্তি টেনেছে কোমো। জায়ান্ট দল এসি মিলানকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লীগে জায়গা করে নিয়েছে সেস ফেব্রিগাসের দল। শীর্ষ চারে জায়গা ধরে রাখতে না পারায় আগামী মৌসুমে ইউরোপের দ্বিতীয় সারির টুর্নামেন্ট ইউরোপা লীগে খেলবে এসি মিলান।

উত্তর ইতালির ছবির মতো সুন্দর কোমো লেকের ধারের ক্লাব কোমোর এই উত্থান যেন কোনো সিনেমার গল্প। ২০১৯ সালেও ক্লাবটি খেলতো ইতালির চতুর্থ স্তরের লীগ ‘সিরি ডি’-তে। ওই বছর ইন্দোনেশিয়ান এক তামাক কোম্পানির দুই শিল্পপতি ভাই রবার্ট বুডি হার্টোনো ও মাইকেল বামবাং হার্টোনোর মালিকানায় যাওয়ার পর থেকেই দ্রুত বদলাতে থাকে ক্লাবের ভাগ্য। শেষ ম্যাচে ক্রেমোনেসেকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে লীগ টেবিলের চতুর্থ স্থানে থেকে চ্যাম্পিয়ন্স লীগের টিকিট নিশ্চিত করে তারা।

ক্লাবের ১১৯ বছরের ইতিহাসে কোমো কখনো ইউরোপের কোনো প্রতিযোগিতায় খেলেনি। সেই দলকে প্রথমবার সিনিয়র কোচের দায়িত্ব নিয়েই সরাসরি চ্যাম্পিয়ন্স লীগে তুলছেন ৩৯ বছর বয়সী সাবেক স্প্যানিশ তারকা সেস ফেব্রিগাস। এই অভাবনীয় সাফল্যের পর ইউরোপের বড় ক্লাবগুলোর নজরে থাকা ফেব্রিগাসের কোমোর ডাগআউটে থেকে যাওয়া এখন অনেকটাই নিশ্চিত।

চ্যাম্পিয়ন্স লীগে জায়গা করে নিতে শেষ ম্যাচে কাগলিয়ারির বিপক্ষে জয় দরকার ছিল এসি মিলানের। কিন্তু ঘরের মাঠে মিলান হেরে বসে ২-১ গোলে। ফলে লীগ টেবিলের পঞ্চম স্থানে থেকে চ্যাম্পিয়ন্স লীগের স্বপ্নভঙ্গ হয় তাদের। খেলতে হবে ইউরোপা লীগে। মিলানের পাশাপাশি জুভেন্টাসও ইউরোপা লীগে নেমে গেছে। তুরিনোর সাথে ২-২ গোলে ড্র করে কপাল পুড়েছে তাদের।

লীগের অন্য ম্যাচে ১০ জনের উদিনেসেকে ১-০ গোলে হারিয়ে নাপোলি রানার্সআপ হিসেবে আসর শেষ করে। ২৪ মিনিটে কেভিন ডি ব্রুইনার পাস থেকে গোলটি করেন রাসমুস হয়লুন্দ। ইতালিয়ান লীগে এবার চ্যাম্পিয়ন ইন্টার মিলান। দুইয়ে নাপোলি, রোমা (তৃতীয়) ও কোমো (চতুর্থ)-এই চারটি দল আগামী মৌসুমে ইউরোপসেরার মঞ্চ চ্যাম্পিয়ন্স লীগে লড়বে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন