স্পেন দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ

স্পেন দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ

ফন্ট সাইজ:

এক ঐতিহাসিক ও নজিরবিহীন দল ঘোষণা করে ফুটবলবিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে স্পেন। ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে কাতালান পরাশক্তি বার্সেলোনা থেকে সুযোগ পেয়েছেন লামিন ইয়ামালসহ রেকর্ড আটজন ফুটবলার। তবে তাদের লা লিগার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ভক্তদের যেন হৃদয় ভেঙে যাওয়ার জোগাড়। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম স্পেনের চূড়ান্ত দলে অল হোয়াইটদের কোনো ফুটবলার জায়গা করতে পারেননি। লুইস দে লা ফুয়েন্তের এই স্কোয়াডে বার্সার একচ্ছত্র আধিপত্য স্পষ্ট। ইয়ামাল ছাড়াও দলে আছেন হোয়ান গার্সিয়া, এরিক গার্সিয়া, পাউ কুবারসি, গাভি, পেদ্রি, দানি ওলমো এবং ফেরান তোরেস। অন্যদিকে, ডিন হাউসেন অথবা অভিজ্ঞ দানি কারভাহালের মতো রিয়াল তারকাদের ভাগ্যে জুটেছে চরম উপেক্ষা। চোটের কারণে বাদ পড়েছেন বার্সার ফেরমিন লোপেজও। দলে আছেন অ্যাথলেটিক বিলবাওয়ের নিকো উইলিয়ামস ও ম্যানচেস্টার সিটির রদ্রি।

দলের শক্তি নিয়ে আত্মবিশ্বাসী ৬৪ বছর বয়সী কোচ দে লা ফুয়েন্তে বলেন, ‘দল নির্বাচন করাটা ছিল দারুণ যন্ত্রণাদায়ক। তবে আমরাই শিরোপার অন্যতম প্রধান দাবিদার, ঠিক যেমনটা ইংল্যান্ড বা ফ্রান্স।’ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আগামী ৫ ও ৯ই জুন যথাক্রমে ইরাক ও পেরুর বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশরা। মূলমঞ্চে ১৫ই জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু লা রোজাদের। গ্রুপ ‘এইচ’-এ তাদের বাকি দুই প্রতিপক্ষ সৌদি আরব ও উরুগুয়ে।

স্পেনের চূড়ান্ত দল
গোলকিপার: উনাই সিমন (বিলবাও), ডেভিড রায়া (আর্সেনাল), হোয়ান গার্সিয়া (বার্সেলোনা) ডিফেন্ডার: মার্ক কুকুরেয়া (চেলসি), পাউ কুবারসি (বার্সেলোনা), আইমেরিক লাপোর্তে (বিলবাও), আলেহান্দ্রো গ্রিমালদো (লেভারকুসেন), পেদ্রো পোরো (টটেনহ্যাম), এরিক গার্সিয়া (বার্সেলোনা), মার্কোস ইয়োরেন্তে (অ্যাটলেটিকো মাদ্রিদ), মার্ক পুবিল (অ্যাটলেটিকো মাদ্রিদ) মিডফিল্ডার: গাভি (বার্সেলোনা), রদ্রি (ম্যান সিটি), পেদ্রি (বার্সেলোনা), মার্টিন জুবিমেন্দি (আর্সেনাল), ফ্যাবিয়ান রুইজ (পিএসজি), অ্যালেক্স বায়েনা (অ্যাটলেটিকো মাদ্রিদ), মিকেল মেরিনো (আর্সেনাল) ফরোয়ার্ড: লামিন ইয়ামাল (বার্সেলোনা), নিকো উইলিয়ামস (বিলবাও), দানি ওলমো (বার্সেলোনা), ফেরান তোরেস (বার্সেলোনা), মিকেল ওইয়ারজাবাল (সোসিয়েদাদ), ইয়েরেমি পিনো (ক্রিস্টাল প্যালেস), বোর্হা ইগলেসিয়াস (সেল্টা ভিগো), ভিক্টর মুনোজ (ওসাসুনা)।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন