গিনেস বুকে মেক্সিকোর ফুটবল দেয়ালচিত্র

ফন্ট সাইজ:

২০২৬ ফিফা বিশ্বকাপ কড়া নাড়ছে দুয়ারে। বৈশ্বিক এই ফুটবল মহোৎসবের যৌথ আয়োজক মেক্সিকো। দেশটির রাজধানী মেক্সিকো সিটি এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। ফুটবল বিশ্বকাপকে স্বাগত জানাতে শহরটির উত্তরাঞ্চলের মার্তিন কারেরা এলাকায় উন্মোচন করা হয়েছে বিশ্বের সর্ববৃহৎ হস্তশিল্পিত ফুটবল দেয়ালচিত্র (ম্যুরাল), যা ইতিমধ্যেই নাম লিখিয়েছে মর্যাদাপূর্ণ ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’-এ। স্প্রে ক্যান বা আধুনিক কোনো প্রযুক্তির সাহায্য না নিয়ে, সম্পূর্ণ ঐতিহ্যবাহী তুলির আঁচড়ে আঁকা হয়েছে দেয়ালচিত্রটি। এর আয়তন ২০০ বর্গমিটারেরও বেশি।

গিনেস কর্তৃপক্ষের কঠোর শর্ত মেনে সম্পূর্ণ নিজস্ব শৈলীতে মেক্সিকোর ছয়জন স্থানীয় চিত্রশিল্পী দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এই মহাকাব্যিক শিল্পকর্মটি ফুটিয়ে তুলেছেন। এ দেয়ালচিত্রের মূল বিশেষত্ব হলো এর অনন্য বিষয়বস্তু। এতে প্রাচীন মেসোআমেরিকান আদিবাসীদের ঐতিহ্যবাহী বলখেলা ‘উলামা’ থেকে শুরু করে আধুনিক ফুটবলের বিবর্তনের এক অপূর্ব মেলবন্ধন ঘটানো হয়েছে। বিশালাকার এই ক্যানভাসে স্থান পেয়েছে ফিফা বিশ্বকাপের সোনালি ট্রফি, ইতিহাসের ফুটবল কিংবদন্তিরা এবং মেক্সিকো জাতীয় দলের বর্তমান তারকাদের অবয়ব। এছাড়া ইতিহাসের বিভিন্ন বিশ্বকাপের অফিশিয়াল মাসকট ও ঐতিহাসিক সব স্টেডিয়ামের চিত্র দেয়ালটিকে জীবন্ত করে তুলেছে।

চিত্রকর্মটির জমকালো উন্মোচন অনুষ্ঠানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধিরা উপস্থিত থেকে মেক্সিকোর স্থানীয় প্রশাসন ও শিল্পীদের হাতে আনুষ্ঠানিক সনদ তুলে দেন। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে উপস্থিত ছিলেন দেশটির কিংবদন্তি ফুটবলার কুয়াউহতেমোক ব্লাঙ্কো এবং ফ্রান্সিসকো ফনসেকাসহ বহু ক্রীড়াব্যক্তিত্ব।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন