মাদারীপুরের শিবচর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) রাস্তার পাশে গাইড ওয়াল নির্মাণে ইটের গাঁথুনির নিচে দেয়া হয়েছে আস্ত কলা গাছ। গত বুধবার বিকালে উপজেলার শিরুয়াইল ইউনিয়ন ৭ নং ওয়ার্ড চরকাকইর চৌরাস্তা মোড়ে দেখা যায় এমন চিত্র। জানা যায়-শিরুয়াইল ইউনিয়নের সাদেকাবাদ হয়ে সিপাইকান্দি এরপর মুন্সীকান্দি পর্যন্ত গাইড ওয়াল নির্মাণ কাজ শুরু হয় অনেকদিন আগেই। কিন্তু শুরু থেকেই ছিল কাজের ধীরগতি। কয়েকদিন আগে গাইড ওয়াল কাজের জন্য ইট ও পিলার আনা হলে শুরু হয় গাইড ওয়ালের কাজ। তিনদিন আগে চর কাকইর এলাকার মসজিদের সামনে যে গাইড ওয়াল নির্মাণ কাজ চলছে, সেখানে দেখা গেছে ইটের গাঁথুনির নিচে আস্ত আস্ত কলা গাছ দেয়া হয়েছে বেশ কিছু স্থান নিয়ে। ঠিকাদার আলমগীর জমাদ্দার বলেন-আমাকে কিছু জানায়নি। যে রাজমিস্ত্রি কাজ করে তাকে বলেছি এমন কাজ কেন করা হলো? আমি তাকে এমন কিছু করতে বলিনি। কাজের স্থানে যেসব মালামাল ব্যবহার করা হচ্ছে তা গুণগত মানসম্পন্ন। স্থানীয় সূত্রে জানা যায়- এখানে রাস্তার কাজ ও গাইড ওয়াল নির্মাণ কাজে যে মালামাল ব্যবহার করা হচ্ছে তা নিম্ন্নমানের। এছাড়া কাজে ধীরগতি আর আমাদের জনদূর্ভোগ তো রয়েছেই। এছাড়াও এখানে প্রশাসনিক কোনো নজরদারি এবং তৎপরতা কোনোটাই নেই। উপজেলা এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী জামাল শিকদার জানান-নির্বাচনের পর অফিস খোলা হলে পরে আর ওই কাজের স্থানে যাওয়া হয়নি। গাইড ওয়াল নির্মাণ কাজের ব্যাপারে কোন খোঁজ নেয়নি। ইটের গাঁথুনির নিচে কলা গাছ দেয়া হয়েছে এমন ঘটনা আমি জানি না। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পূর্ণ হয়েছে আরও ছয়দিন আগে। গত রোববার (১৫ই ফেব্রুয়ারি) সকল সরকারি-বেসরকারি অফিস খুলেছে। কিন্তু অফিস খোলার চারদিন পরও উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম ও উপ-সহকারী প্রকৌশলী জামাল শিকদার তাদের কাজের দায়িত্ব ঠিকমতো পালন করেননি। যার প্রমাণ এই গাইড ওয়াল নির্মাণ কাজ। বিষয়টি জানতে চাইলে উপজেলা প্রকৌশলী কর্মকর্তা (এলজিইডি) রেজাউল করিমকে একাধিকবার তার মুঠোফোনে কল দিলে তিনি ফোন রিসিভ করেননি। জেলা নির্বাহী প্রকৌশলী কর্মকর্তা (এলজিইডি) বাদল চন্দ্র কির্ত্তনীয়া মুঠোফোনে জানান- আমি শিবচর উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারের সঙ্গে কথা বলেছি। সরকারি কাজে এমন গাফিলতি তা কোনোভাবেই মেনে নেয়া যাবে না। আমি ঘটনাটি দেখছি। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম ইবনে মিজান বলেন- গাইড ওয়ালের ইটের গাঁথুনির নিচে কলা গাছ। ঘটনাটি কোনোভাবে বোধগম্য নয়। আমি উপজেলা প্রকৌশলী কর্মকর্তা ও ঠিকাদারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিচ্ছি।
শিবচরে গাইড ওয়াল নির্মাণে ইটের গাঁথুনির নিচে কলা গাছ
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
