সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনে ছড়িয়ে পড়া ভুয়া জরিমানার এসএমএস নিয়ে নগরবাসীকে সতর্ক থাকার আহবান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ধরনের বার্তায় বিভ্রান্ত না হতে নগরবাসীর প্রতি আহবান জানানো হয়।
সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এনএম নাসিরুদ্দিন বলেন, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনে ট্রাফিক বিভাগের নামে জরিমানা সংক্রান্ত এসএমএস পাঠানো হচ্ছে। তবে, এসব বার্তা সম্পূর্ণ বানোয়াট ও অসত্য।
তিনি বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ অমান্যকারী কোনো যানবাহনের বিরুদ্ধে মামলা হলে সংশ্লিষ্ট গাড়ির মালিকের ঠিকানায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরযুক্ত একটি অফিসিয়াল চিঠি পাঠানো হয়। এছাড়া প্রয়োজন হলে শুধু দুটি সরকারি মোবাইল নম্বর- ০১৩২০০৪২২০৭ এবং ০১৩২০০৪২২২৭ থেকে এসএমএস পাঠানো হয়।
ট্রাফিক এআই বা ভিডিও মামলার জরিমানার টাকা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে উপায় ও সিবিবিএলের মাধ্যমে পরিশোধ করা যায়। একই সঙ্গে নগরবাসীকে সতর্ক করে বলা হয়েছে, ডিএমপির ট্রাফিক বিভাগ কখনোই কোনো ব্যক্তির কাছে পিন নম্বর, পাসওয়ার্ড বা ওটিপি চায় না। কেউ এ ধরনের তথ্য চাইলে সেটি প্রতারণা হিসেবে বিবেচনা করতে বলা হয়েছে। ট্রাফিক এআই বা ভিডিও মামলা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ডেল্টা-৩ অথবা ০১৩২০০৪২২০৭ ও ০১৩২০০৪২২২৭ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে ডিএমপি। প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরেও যোগাযোগ করা যাবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য দ্বারা বিভ্রান্ত প্রতারিত না হওয়ার জন্য নগরবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

মাসুমুল
১ মাস আগেজনগণকে সতর্ক করা ভাল, তবে এর চেয়ে জরুরী হল- এইসব ক্রিমিনালকে আইনের আওতায় আনা। আর বিটিআরসির দায়িত্ব ছিল এই পেইজ এর মধ্যেই বন্ধ করা।।