চোটের শঙ্কা উড়িয়ে জকোভিচের নতুন ইতিহাস

ফ্রেঞ্চ ওপেন

চোটের শঙ্কা উড়িয়ে জকোভিচের নতুন ইতিহাস

ফন্ট সাইজ:

চোটের উদ্বেগ অথবা ফর্মের টানাপড়েন— কোনো কিছুই যেন নোভাক জকোভিচের রেকর্ড গড়ার পথে বাধা হতে পারছে না। ২০২৬ ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে ফ্রান্সের জিওভানি এমপেতশি পেরিকার্ডকে হারিয়ে রোলা গারোয় এক অনন্য কীর্তি গড়েছেন এই সার্বিয়ান মহাতারকা। ফিলিপ চ্যাটিয়ের কোর্টে পা রাখতেই পুরুষ টেনিসের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ ৮২তম গ্র্যান্ড স্ল্যাম একক ম্যাচে অংশ নেয়ার ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেন তিনি।

এই কীর্তিতে জকোভিচ পেছনে ফেলেন কিংবদন্তি রজার ফেদেরার ও ফেলিসিয়ানো লোপেজকে (উভয়েরই ৮১টি উপস্থিতি)। ৩৯ বছর বয়সী জকোভিচ নিজের ২২তম ফ্রেঞ্চ ওপেন অভিযানে নেমে শুরুতেই ধাক্কা খান। তবে প্রথম সেট হারলেও শেষ পর্যন্ত ৫-৭, ৭-৫, ৬-১, ৬-৪ ব্যবধানে ম্যাচটি জিতে নেন তিনি।

ম্যাচ শেষে নিজের স্বভাবসুলভ রসিকতায় জকোভিচ বলেন, ‘৩৯ বছর বয়সে এসে তিন ঘণ্টার এমন একটি ম্যাচের অংশ হওয়া দারুণ ব্যাপার। ডাক্তার ঠিক এটিই প্রেসক্রিপশন করেছিলেন। এই তো শুরু!’

মৌসুমের বেশিরভাগ সময় শারীরিক সমস্যায় ভুগলেও নিজের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জয়ের লক্ষ্যে অনড় জকোভিচ। নিজের ফিটনেস নিয়ে আশাবাদী কণ্ঠেই তিনি বলেন, ‘আপাতত শরীর বেশ ভালোই মনে হচ্ছে। অবশ্যই আমাকে খেলার ছন্দ পুরোপুরি ফিরে পেতে হবে, এবং আশা করি টুর্নামেন্ট যতই এগোবে, আমি ততই উন্নতি করবো।’

১০১টি ট্যুর-লেভেল শিরোপাজয়ী জকোভিচ দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবেন আরেক ফরাসি খেলোয়াড় ভ্যালেন্টিন রয়ারের।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন