১৭০০ বছরের লুকানো ইতিহাস উন্মোচন

লুক্সেমবার্গের মাঠে ১৪১টি রোমান স্বর্ণমুদ্রা

১৭০০ বছরের লুকানো ইতিহাস উন্মোচন

ফন্ট সাইজ:

লুক্সেমবার্গের উত্তরে শান্ত গ্রাম হোল্থুম। এর একটি মাঠে মাটির নিচে এমন কিছু জ্বলজ্বল করে ওঠে, যা বর্তমান সময়ের সঙ্গে সম্পর্কিত নয়। প্রথমে এটিকে সাধারণ ধাতব টুকরো মনে হলেও পরে বোঝা যায়, এটি বহু প্রাচীন এক ইতিহাসের অংশ। রোমান সাম্রাজ্যের শেষ সময়ের এক অমূল্য ভাণ্ডার। প্রায় ১৭০০ বছর ধরে মাটির নিচে চাপা থাকা এই স্বর্ণমুদ্রার ভাণ্ডার এখন ইউরোপের ইতিহাস নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। পুরো ভাণ্ডারে পাওয়া গেছে ১৪১টি বিশুদ্ধ স্বর্ণমুদ্রা (সলিডি)। এগুলো খ্রিস্টীয় চতুর্থ শতকের শেষ এবং পঞ্চম শতকের শুরুর দিকের। প্রতিটি মুদ্রা সেই সময়ের রোমান সাম্রাজ্যের অস্থির রাজনৈতিক পরিস্থিতির সাক্ষ্য বহন করে, যখন পশ্চিম রোমান অঞ্চল ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল। প্রত্নতাত্ত্বিকদের মতে, মুদ্রাগুলো বিচ্ছিন্ন বা ক্ষতিগ্রস্ত অবস্থায় নয়, বরং একসঙ্গে সুরক্ষিতভাবে পাওয়া গেছে। যা ইঙ্গিত দেয়, এগুলো পরিকল্পিতভাবে লুকানো হয়েছিল। সম্ভবত কোনো অনিশ্চয়তা বা আক্রমণের আশঙ্কার সময় এগুলো গোপন করা হয়েছিল। এই মুদ্রাগুলোর মধ্যে বিভিন্ন রোমান সম্রাটের প্রতিচ্ছবি পাওয়া গেছে, যা সেই সময়ের ক্ষমতার দ্রুত পরিবর্তন ও রাজনৈতিক অস্থিরতার চিত্র তুলে ধরে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।

ভাণ্ডারের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য কিছু মুদ্রায় দেখা যায় সম্রাট ইউজেনিয়াসের ছবি। তিনি ছিলেন এমন এক শাসক, যার ক্ষমতায় থাকার সময় ছিল খুবই সংক্ষিপ্ত এবং বিতর্কিত। তার শাসনকাল মাত্র কয়েক বছর স্থায়ী ছিল এবং অভ্যন্তরীণ সংঘাতের কারণে শেষ পর্যন্ত তার পতন ঘটে। তাই তার সময়ের মুদ্রাগুলো অত্যন্ত বিরল বলে মনে করা হয়। এই মুদ্রাগুলো এক অর্থে সেই অস্থির রাজনৈতিক সময়ের প্রতীক। তখন রোমান সাম্রাজ্যের বৈধতা ও ক্ষমতা নিয়ে ক্রমাগত দ্বন্দ্ব চলছিল।

এই ভাণ্ডার যেখানে পাওয়া গেছে, তার কাছেই একটি প্রাচীন রোমান প্রতিরক্ষামূলক টাওয়ারের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। ধারণা করা হচ্ছে, এটি ছিল সাম্রাজ্যের উত্তর সীমান্ত পর্যবেক্ষণের একটি সামরিক ঘাঁটি। তৎকালীন গলিয়া বেলজিকা অঞ্চল ছিল গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা। সেখানে সেনা, বাণিজ্য ও রাজনৈতিক গতিবিধি চলত। হোল্থুমের এই টাওয়ারটি সম্ভবত ওই নেটওয়ার্কেরই অংশ ছিল। এছাড়া আশপাশে কিছু সমাধিস্থলও পাওয়া গেছে, যা ইঙ্গিত দেয় যে এটি শুধু সামরিক এলাকা ছিল না, বরং বহুস্তরীয় একটি জনবসতি ছিল। সময়ের সঙ্গে সঙ্গে রোমান সাম্রাজ্যের নিয়ন্ত্রণ দুর্বল হলে এই স্থানের ব্যবহারও বদলে যেতে পারে।

এই আবিষ্কারের শুরু হয় ২০১৯ সালে। তখন শৌখিন প্রত্নতত্ত্ববিদরা কাছের একটি মাঠে একটি স্বর্ণমুদ্রা খুঁজে পান। সেই একক মুদ্রাই পরে বড় আকারের গবেষণার সূত্রপাত করে। ২০২০ সাল থেকে শুরু হয় পূর্ণাঙ্গ খনন অভিযান, যার ফলেই এই ১৪১টি মুদ্রার ভাণ্ডার উন্মোচিত হয়। বিশেষজ্ঞদের মতে, এই আবিষ্কার শুধু অর্থমূল্যের কারণে নয়, বরং রোমান সাম্রাজ্যের শেষ সময়ের ইউরোপীয় ইতিহাস বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রত্নতাত্ত্বিক দলিল।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন