সাভারের উলাইল এলাকায় তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার কয়েক শ’ শ্রমিক। এসময় প্রায় আধঘণ্টা সড়কটিতে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যাটজনের সৃষ্টি হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় সড়ক অবরোধ করেন এইচ আর টেক্সটাইল মিলস অ্যান্ড ডায়িং কারখানার শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিক ও থানা পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সাভারের উলাইল এলাকার এইচ আর টেক্সটাইল মিলস অ্যান্ড ডায়িং কারখানাটিতে কর্মরত শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন পরিশোধ না করে গত ১৮ই ফেব্রুয়ারি থেকে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কাজের উদ্দেশ্যে কারখানার সামনে আসলে তাদের প্রবেশে বাধা দেয়া হয়। এ সময় শ্রমিকরা কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ দেখতে পেয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে থানা পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে বেতন পরিশোধের আশ্বাস দিলে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক ছেড়ে দেয়। পরে ধীরে ধীরে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
অবরোধকারী শ্রমিকরা জানায়, আজ (গতকাল) থেকে রোজা শুরু হয়েছে, সামনে ঈদ। এর মধ্যে মালিকপক্ষ আমাদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করে হঠাৎ করে কারখানা বন্ধ করেছে। অবিলম্বে আমাদের বেতন পরিশোধ করে কারখানা খুলে দেয়া না হলে আমরা কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবো। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহজাহান মহাসড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করে বলেন, মালিক পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস দেয়ায় অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে গেছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সাভারে বকেয়া বেতন পরিশোধসহ কারখানা খোলার দাবিতে মহাসড়ক অবরোধ
স্টাফ রিপোর্টার, সাভার থেকে
২০ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
