কোরবানির ঈদ ঘিরে ট্রেনে প্রতিদিন রাজধানী ঢাকা ছাড়ছেন ৬৫ হাজার যাত্রী। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন তারা। এই সময়ে ৪৫ হাজারের বেশি টিকিটের যাত্রী কমলাপুর ছেড়ে যাচ্ছেন। আর প্রতিটি ট্রেনে যাত্রার দিন দুই ঘণ্টা পূর্বে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দেয়া হচ্ছে। সোমবার কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মো. কবীর উদ্দীন এই তথ্য জানিয়েছেন।
স্টেশন ম্যানেজার বলেন, ‘আজ সকাল থেকে এই পর্যন্ত (বেলা ১১টা) ১৫টা আন্তঃনগর ট্রেন স্টেশন ছেড়ে গেছে। তার মধ্যে দু’টি ট্রেন বিলম্বে গেছে। নীলসাগর এক্সপ্রেস ৪০ মিনিট বিলম্বে স্টেশন ছেড়েছে। ওই ট্রেন বিলম্বেই এসেছে। রংপুর এক্সপ্রেস ১ ঘণ্টা ৪০ মিনিট বিলম্বে ছেড়েছে। বাকি ১৩টা আন্তঃনগর ট্রেন সঠিক সময়ে ছেড়েছে। অন্যদিকে ৯টা কমিউটার ট্রেনই ঢাকা থেকে সঠিক সময়ে ছেড়ে গেছে। এখন পর্যন্ত যাত্রীদের কোনো অভিযোগ পাইনি।’
তিনি বলেন, ‘কমলাপুর থেকে আজ ৪৩টি আন্তঃনগর ট্রেন ছেড়ে যাবে। ২৩টি কমিউটার ট্রেন ছেড়ে যাবে এবং একটা ঈদ স্পেশাল ট্রেন ছেড়ে গেছে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত। মোট ৬৭টি ট্রেন কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাবে আজ।’
ট্রেনের সিডিউল বিলম্ব হওয়ার কারণ জানিয়ে কবীর উদ্দীন বলেন, ‘রেললাইনের ওপরে যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আছে, যেমন খড় থাকে বা মানুষের বিভিন্ন জিনিসপত্র পড়ে থাকে। ফলে সেকশনাল স্পিড ধরে রাখতে সমস্যা হচ্ছে। এজন্য ট্রেন পৌঁছাতে বিলম্ব হয়েছে। আশা করি আগামীকাল থেকে এটা ঠিক হয়ে যাবে।’
স্টেশন ম্যানেজার আরও বলেন, ‘আমরা বিনা টিকেটের যাত্রীকে ঢুকতে দিচ্ছি না। গত দুই দিন যাবত বিনা টিকেটে যাকেই পাচ্ছি তাকে স্টেশন থেকে বের করে দিচ্ছি। এনআইডির সঙ্গে অনেকের টিকেটের মিল পাওয়া যাচ্ছে না, তাদেরকেও বের করে দেয়া হচ্ছে স্টেশন থেকে।’
