সিরাজগঞ্জে অবসরপ্রাপ্ত সহকারী সেটেলমেন্ট অফিসার আব্দুর রহমান (৭১) ও তার স্ত্রী আনজুমান আরা বেগমের (৫৮) বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুদকে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে দুদক পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বাদী হয়ে নিজ কার্যালয়ে এই মামলা দায়ের করেন। আসামি আব্দুর রহমান সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মৃত আব্দুল জলিল মোল্লার ছেলে। তিনি ২০১২ সালে বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার সাবেক সহকারী সেটেলমেন্ট অফিসার পদ থেকে অবসরগ্রহণ করেন। এরআগে সিরাজগঞ্জে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ঢাকা মিরপুর-১ এর শান্তি নগর টাওয়ার এলাকায় বসবাস করছেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক তদন্তে সাবেক সহকারী সেটেলমেন্ট অফিসার আব্দুর রহমানের স্ত্রী আনজুমান আরা বেগম আর্থিকভাবে স্বামীর ওপর নির্ভরশীল হলেও তার বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে গত ২০২৪ সালের ২০ মার্চ তাকে সম্পদ বিবরণী জমা দিতে নোটিশ করা হয়। তিনি ২৩ এপ্রিল সম্পদের হিসাব দাখিল করেন। এতে ১ কোটি ৪৫ লাখ ৮৩ হাজার ২৮২ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের তথ্য গোপন এবং সম্পদ বিবরণী যাচাই ও অনুসন্ধানকালে ২ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ৪৫১ মূল্যের জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ ভোগ দখলে রেখে অবৈধ সম্পদ অর্জনে স্বামীকে প্রত্যক্ষভাবে সহযোগীতা করেছেন। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২), ২৭ (১) ও দন্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
দুদক পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শহিদুল আলম মানবজমিনকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অবসরপ্রাপ্ত সহকারী সেটেলমেন্ট অফিসার আব্দুর রহমানের স্ত্রী আনজুমান আরা বেগমের অর্থের কোনো উৎস না থাকলেও তার বিরুদ্ধে স্বামীর অবৈধ উপায়ে অর্জিত ১ কোটি ৪৫ লাখ ৮৩ হাজার ২৮২ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন এবং ২ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ৪৫১ মূল্যের জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ ভোগ দখলের প্রমাণ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে স্ত্রী আনজুমান আরা বেগমকে প্রধান করে একটি মামলা দায়ের করা হয়েছে।
সিরাজগঞ্জে অবসরপ্রাপ্ত সেটেলমেন্ট অফিসার ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
সিরাজগঞ্জ প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
