বিশ্বকাপ শুরুর বেশি দিন বাকি নেই। ঠিক এই সময়ে লিওনেল মেসিকে নিয়ে ফুটবল বিশ্বে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মেজর সকার লীগে ইন্টার মায়ামির হয়ে বিশ্বকাপের আগে নিজের শেষ ম্যাচ খেলতে নামেন মেসি। সেই ম্যাচে মাঠের মাঝখানে হঠাৎ থমকে দাঁড়ান আর্জেন্টিনা অধিনায়ক। চেপে ধরেন বাঁ পায়ের উরু। এরপর নিজেই ইশারা করনে তুলে নেয়ার জন্য। ৭২ মিনিটে যখন মেসি মাঠ ছেড়ে সরাসরি ড্রেসিংরুমের টানেলে হেঁটে যাচ্ছেন, তখন কোটি ভক্তের বুকে যেন হাতুড়ির ঘা! তবে কি বিশ্বকাপ শুরুর আগেই বড় কোনো চোটে পড়লেন এলএমটেন?
ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচটি ৬-৪ গোলে জিতে নেয় মায়ামি। তবে এ ম্যাচে মেসির মাঠ ছাড়ার দৃশ্য কপালে ভাঁজ ফেলেছিল আর্জেন্টিনার ভক্তদের । আগামী ১৬ই জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বজয়ের মুকুট ধরে রাখার মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়না। তবে ম্যাচ শেষে সব ভয় কেটে গেছে। ইন্টার মায়ামির কোচ গুইলার্মো হোয়োস আর্জেন্টাইন ভক্তদের স্বস্তির খবর দেন। তিনি বলেন, ‘মেসির কোনো চোট নেই। ও কেবল প্রচণ্ড ক্লান্ত ছিল। মাঠের মাটি বেশ ভারী ও শক্ত ছিল। কোনো রকম ঝুঁকি না নিতেই আমরা ওকে তুলে নিয়েছি।’
