চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর একটি ক্যাম্পকে লক্ষ্য করে সন্ত্রাসী গোষ্ঠী ‘ইয়াসিন বাহিনী’র সদস্যরা গুলিবর্ষণ করেছেন। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনার পর সেখানে যৌথ বাহিনী অভিযানের প্রস্তুতি নিচ্ছে।
রোববার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাব সদস্যরা অ-প্রাণঘাতী অস্ত্র বা নন-লেথাল উইপন ব্যবহার করলেও তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট বাহিনীর কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, রাত সাড়ে ৩টা পর্যন্ত আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে থেমে থেমে গোলাগুলির ঘটনা চলতে থাকে।
এদিকে, জঙ্গল সলিমপুর এলাকাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে যৌথ বাহিনী। অভিযানে অংশ নেওয়া সদস্যরা ধীরে ধীরে ভেতরের দিকে অগ্রসর হচ্ছেন বলে জানা গেছে।
র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে।’ তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত কিংবা আটক সংক্রান্ত কোনো তথ্য জানানো হয়নি। অভিযান শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রসঙ্গত, চট্টগ্রাম নগর সংলগ্ন সীতাকুণ্ড উপজেলার পাহাড়ি জনপদটিব জঙ্গল সলিমপুর নামে পরিচিত। এলাকাটি জঙ্গল সলিমপুর ও আলীনগর অংশে বিভক্ত। এখানে তিন হাজার ১০০ একর খাসজমি রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাটি নিয়ন্ত্রণ করছে বিভিন্ন ভূমিদস্যু ও সন্ত্রাসী গোষ্ঠী। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইয়াসিন বাহিনী। গত ৯ মার্চ সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রায় ৩ হাজার ২০০ সদস্য যৌথ অভিযান চালিয়ে এলাকাটির নিয়ন্ত্রণ নেয়। এর আগে বিভিন্ন সময় চেষ্টা করেও এলাকার নিয়ন্ত্রণ নেয়া সম্ভব হয়নি। উল্টো অভিযানে গিয়ে হামলার শিকার হন পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। নিহত হয় আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য।
