দুই সপ্তাহে সর্বনিম্ন অপরিশোধিত তেলের দাম

দুই সপ্তাহে সর্বনিম্ন অপরিশোধিত তেলের দাম

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি চুক্তির দিকে এগোচ্ছে এমন আশাবাদে সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তবে হরমুজ প্রণালিতে অবরোধসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনো দুই পক্ষের মতপার্থক্য রয়ে গেছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়ে বলছে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ৭১ ডলার বা ৪ দশমিক ৫৫ শতাংশ কমে ৯৮ দশমিক ৮৩ ডলারে নেমে এসেছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক ৫৭ ডলার বা ৪ দশমিক ৭৩ শতাংশ কমে দাঁড়ায় ৯২ দশমিক ৩ ডলারে। সোমবার দিনের শুরুতেই উভয় সূচক ৭ মে’র পর সর্বনিম্ন অবস্থানে পৌঁছে যায়। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন, ওয়াশিংটন ও তেহরান একটি শান্তি চুক্তির সমঝোতা স্মারক ‘মূলত আলোচনা সম্পন্ন’ করেছে। এই চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালি আবার খুলে দেয়া হতে পারে। যুদ্ধ শুরুর আগে বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের প্রায় পাঁচ ভাগের এক ভাগ এই প্রণালি দিয়ে যেত। তবে এখনো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষের বিরোধ রয়ে গেছে। ট্রাম্প রোববার বলেন, তিনি তার প্রতিনিধিদের ইরানের সঙ্গে কোনো চুক্তিতে তাড়াহুড়া না করতে নির্দেশ দিয়েছেন।

এমএসটি মার্কির বিশ্লেষক সউল কাভোনিচ বলেন, শান্তি চুক্তি ও হরমুজ প্রণালি নিয়ে এখনো নানা শর্ত ও ঝুঁকি থাকলেও, সুড়ঙ্গের শেষে কিছুটা আলো দেখা যাচ্ছে। এতে স্বল্পমেয়াদে তেলের দামে কিছুটা স্বস্তি আসবে। তবে বিশ্লেষকদের ধারণা, প্রণালির মাধ্যমে তেল পরিবহন স্বাভাবিক হতে এবং ক্ষতিগ্রস্ত তেল-গ্যাস স্থাপনাগুলো মেরামত করতে কয়েক মাস সময় লাগতে পারে।

এদিকে নিরাপদ মুদ্রা হিসেবে ডলারের সাম্প্রতিক উত্থান কিছুটা কমে আসায় ইউরোর দাম ০ দশমিক ৩৭ শতাংশ বেড়ে ১ দশমিক ১৬৪৬ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে জাপানি ইয়েন শক্তিশালী হয়ে প্রতি মার্কিন ডলারের বিপরীতে ১৫৮ দশমিক ৮৫ ইয়েনে পৌঁছেছে। নাসডাক ফিউচার ০ দশমিক ৮৯ শতাংশ এবং এসঅ্যান্ডপি ফিউচার ০ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এটিএফএক্স গ্লোবালের প্রধান বাজার বিশ্লেষক নিক টিডালে মনে করেন, সোমবার বাজারে ঝুঁকি নেয়ার প্রবণতা বাড়বে। তবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার নিশ্চিত ঘোষণা না আসা পর্যন্ত বড় ধরনের উল্লম্ফন দেখা যাবে না। তিনি বলেন, আগামী কয়েকটি সেশনের মধ্যে আমাদের একটি চুক্তি কার্যকর দেখতে হবে। কারণ এখনো কিছু বড় অচলাবস্থা রয়ে গেছে।

জাপানের নিক্কেই সূচকও সোমবার শক্তিশালী সূচনার পথে রয়েছে। কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার কৌশলবিদরা এক নোটে বলেছেন, আর্থিক বাজারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো হরমুজ প্রণালি কবে খুলবে। তাদের ভাষায়, কোন শর্তে প্রণালি খুলবে এবং যুদ্ধপূর্ব পর্যায়ে জ্বালানি ও অন্যান্য পণ্যের উৎপাদন ফিরিয়ে আনতে উৎপাদন স্থাপনা ও অবকাঠামো মেরামতে কত সময় লাগবে সেটিই এখন মূল বিষয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন