কয়েক দিনে হজযাত্রীরা যা করবেন

হজের আনুষ্ঠানিকতা শুরু

কয়েক দিনে হজযাত্রীরা যা করবেন

ফন্ট সাইজ:

আজ থেকে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে সৌদি আরব বিশাল স্বাস্থ্যসেবা, পরিবহন ও বহুভাষিক সহায়তা ব্যবস্থা চালু করেছে। আগামী কয়েক দিনে পবিত্র স্থানগুলোতে হজযাত্রীরা যে ধাপগুলো সম্পন্ন করবেন, তার সংক্ষিপ্ত সময়সূচি নিচে তুলে ধরা হলো।

মিনা: সৌদি আরবের স্থানীয় সময় ৮ই জিলহজ হজযাত্রীরা মক্কার গ্র্যান্ড মসজিদে সমবেত হয়ে তাওয়াফ করছেন। আজই পবিত্র মক্কা থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে অবস্থিত তাঁবুর শহর মিনায় পৌঁছাবেন তারা। সেখানে তারা দিন ও রাত ইবাদত, দোয়া ও জিকিরে কাটাবেন।

আরাফাত: ৯ই জিলহজ তারা মিনার প্রায় ১৪ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে যাবেন। তারা সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের প্রান্তরে অবস্থান করে নামাজ, তওবা ও দোয়ায় সময় কাটাবেন।

মুজদালিফা: ৯ই জিলহজ আরাফাত থেকে হজযাত্রীরা মুজদালিফায় যাবেন, যা মিনা ও জাবালে আরাফাতের মাঝখানের একটি উপত্যকা। সেখানে তারা রাত কাটাবেন এবং মিনার জামারাতে ‘শয়তানকে পাথর নিক্ষেপ’ করার জন্য ছোট ছোট কঙ্কর সংগ্রহ করবেন।

মিনা: ১০ই জিলহজ ফজরের নামাজের পর হজযাত্রীরা মুজদালিফা থেকে মিনায় ফিরে আসবেন। সেখানে তারা জামারাতুল আকাবায় প্রথম পাথর নিক্ষেপ করবেন।

গ্র্যান্ড মসজিদ: ১০ ও ১২ই জিলহজ হাজিরা আবার মক্কায় ফিরে গ্র্যান্ড মসজিদে যাবেন। সেখানে তারা কাবা শরিফ তাওয়াফ করবেন, যা ‘তাওয়াফুল ইফাদা’ নামে পরিচিত। পাশাপাশি সাফা ও মারওয়ার মধ্যবর্তী সাঈ সম্পন্ন করবেন।

মিনা: ১১, ১২ ও ১৩ই জিলহজ হাজিরা তিনটি জামারাত স্তম্ভে (আল-উলা, আল-ওস্তা ও আল-আকাবা) পাথর নিক্ষেপ করবেন। সংগৃহীত কঙ্কর দিয়েই তারা প্রতীকীভাবে শয়তানকে লক্ষ্য করে এ রীতি পালন করবেন।

মক্কা: সবশেষে হাজিরা মক্কায় ফিরে ‘তাওয়াফুল বিদা’ বা বিদায়ী তাওয়াফ সম্পন্ন করবেন। এর মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শেষ হবে এবং হাজিরা মক্কা ত্যাগ করবেন।

ট্যাগসমূহ:

ইকবাল কবির

১ মাস আগে

হজ্ব কত প্রকার,আপনি কোন হজ্বের নিয়ত করে এহরাম বাধবেন? এই কথা গুলে থাকলে এবং হাজী কখন সৌদি আরবের সময়ে স্থান গুলোতে প্রবেশ করবেন তার কোন উল্লেখ করা হয়নি।কখন কোরবানী করবেন এবং এহরাম খুলবেন তাও বলা হয়নি।

মন্তব্য করুন