এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশ ফুটবল লীগের শিরোপা নিশ্চিত করেছিল বসুন্ধরা কিংস। শনিবার শেষ রাউন্ডে আরামবাগকে ৪-০ গোলে উড়িয়ে রানার্সআপ হয় ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড। যদিও ঘরোয়া মৌসুম শেষ হলেও বিশ্রাম নেই ফুটবলারদের। আগামী ১লা জুন মালদ্বীপে শুরু হচ্ছে ডায়মন্ড জুবিলি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। ওই দেশটির স্বাধীনতা ৬০ বছরে আয়োজিত এই আসরে অংশ নিবে বাংলাদেশ অলিম্পিক দল। ৫ই জুন জাতীয় দল ফিফা প্রীতি ম্যাচ খেলবে সান মারিনো দলের বিপক্ষে। সান মারিনোর ম্যাচের জন্য নতুন কোচ টমাস ডুলির অধীনে আজ প্রস্তুতিতে নেমে পড়বেন জামাল-তপুরা। আবাহনীর কোচ মারুফুল হকের অধীনে অলিম্পিক দলের অনুশীলনও শুরু হবে আজ।
সান মারিনো ম্যাচের জন্য আনুষ্ঠানিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। হামজা চৌধুরী, শমিত সোম, ফাহমিদুল, জামাল, তপুসহ প্রায় সকল সিনিয়ররা আছেন সান মারিনোর দলে। এরই মধ্যে এদের ভিসা প্রক্রিয়াও সম্পন্ন করেছে বাফুফে। তবে ভিসা করেও শেষ মুুহূর্তে দলের সঙ্গে সান মারিনো যাচ্ছেন না রাকিব হোসেন। স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় রাকিব তার পাশেই থাকতে চাইছেন। তাই ইউরোপের ভিসা করা সত্ত্বেও রাকিব শেষ মুহূর্তে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। এ বিষয়ে রাকিব বলেন, ‘আমার স্ত্রী সন্তানসম্ভবা। চলতি মাসের শেষ দিকে পৃথিবীর আলো দেখার অপেক্ষায় অনাগত সন্তান। তাই এই সময়ে স্ত্রীর পাশে থাকাটা জরুরি।
যদিও আমি ভিসা করিয়েছিলাম। তবে অনাগত সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়টা সন্নিকটে হওয়ায় আর যাওয়া হচ্ছে না।’ জাতীয় দলের দায়িত্ব নিতে এরই মধ্যে ঢাকায় এসেছেন টমাস ডুলি। ক্যাম্পে যোগ দিতে ঢাকায় পা রেখেছেন ফাহমিদুল ইসলাম। জায়ান আহমেদের আসার কথা। তবে হামজা চৌধুরী, শমিত সোম
সরাসরি দলের সঙ্গে যোগ দিবেন সান মারিনো। এদিকে মালদ্বীপে ১ থেকে ১০ই জুন অনুষ্ঠিত হবে ডায়মন্ড জুবিলি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। এ টুর্নামেন্টের জন্য ৩২ ফুটবলারকে ডেকেছেন মারুফুল হক। এই দলে নেই কোনো প্রবাসি ফুটবলার। এমনকি অনূর্ধ্ব-২০ দলে রোনান ও ডেকলান সুলিভানকেও ডাকেননি আবাহনীর এই কোচ। প্রাথমিক দল নিয়ে আজ ফর্টিস মাঠে প্রস্তুতি শুরু করবেন মারুফুল।
প্রাথমিক দল নিয়ে ম্যানেজার শাহীন হাসান বলেন, সুলিভান ব্রাদার্স পরীক্ষার কারণে আসতে পারেনি। তানিন চোট ও ইউসুফ পাসপোর্ট জটিলতায় আসতে পারছে না। তবে আমরা চেষ্টার কোনো ত্রুটি করিনি। এ ছাড়া লীগে যারা ভালো করেছেন তাদের নিয়েই দল গঠন করা হয়েছে। তারুণ্যনির্ভর দল নিয়েই আমাদের প্রস্তুতি শুরু হচ্ছে। ৩২ সদস্যের এই প্রাথমিক দলে প্রথম বারের মতো ডাক পেয়েছেন অনেকে। এদের মধ্যে মোহামেডানের সৌরভ দেওয়ান অন্যতম। এ ছাড়া জাতীয় দলের অনেকেই আছেন মালদ্বীপগামী অলিম্পিক দলে। গোলরক্ষক হিসেবে দলের সঙ্গে মালদ্বীপ যাচ্ছেন কিংসের মেহেদি হাসান শ্রাবণ। মালদ্বীপের এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে আফগানিস্তান ও পাকিস্তান।
জাতীয় দল
আনিসুর রহমান জিকো, সুজন হোসেন ও মিতুল মারমা, তারিক কাজী, শাকিল আহাদ তপু, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, তাজ উদ্দিন, রহমত মিয়া, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, ইসা ফয়সাল, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, মো. রিদয়, হামজা চৌধুরী,শমিত সোম, শেখ মোরসালিন, কাজেম কিরমানি, রাকিব হোসেন, ফাহামিদুল ইসলাম, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, মিরাজুল ইসলাম, মনজুরুর রহমান মানিক, মিনহাজুল করিম স্বাধীন, রফিকুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহীম।
অলিম্পিক দল
মেহেদী হাসান শ্রাবণ, সাকিব আল হাসান, ইসহাক আকন্দ, মোহাম্মদ আসিফ, শরিফ উদ্দিন নীরব, জাহিদ হাসান শান্ত, আলফাজ মিয়া, মিঠু চৌধুরী, রাসেল হোসেন, রিমন হোসেন, রাতুল, ইউসুফ আলী, ইসমাইল হোসেন, মানিক হোসেন মোল্লা, শফিউল হোসেন, নাজমুল হুদা ফয়সাল, ইফতিয়ার হোসেন, চন্দন রায়, মজিবুর রহমান জনি, জুয়েল মিয়া, নাজিম উদ্দিন, রাব্বী হোসেন রাহুল, সাজেদ হাসান জুম্মন নিঝুম, মুরশেদ আলী, সৌরভ দেওয়ান, আসাদুল মোল্লা, ইয়াসিন আরাফাত সিফাত, পিয়াস আহমেদ নোভা, আল আমিন, মোহাম্মদ মানিক, মইনুল ইসলাম মইন ও প্রণয় ইনোসেন্ট মারান্ডি।
