ছয় দলের অংশগ্রহণে পর্দা উঠছে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর ‘সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ’। ভারতের গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে গড়াবে টুর্নামেন্টের অষ্টম আসর। রাজনৈতিক কারণে শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান। উদ্বোধনী দিনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের ম্যাচ নেই। বিকাল সাড়ে চারটায় টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হবে ভুটান। সন্ধ্যা সাড়ে সাতটায় স্বাগতিক ভারতের প্রতিপক্ষ মালদ্বীপ। ম্যাচ দু’টি সরাসরি দেখা যাবে টি স্পোর্টসের পর্দায়।
২০২২ সালে প্রথমবার সাফের শিরোপা জেতে বাংলাদেশের মেয়েরা। ২০২৪ সালে বৃটিশ কোচ জেমস পিটার বাটলারের অধীনে মেয়েরা শিরোপা ধরে রাখে। এবার হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে খেলতে নামবে লাল-সবুজের মেয়েরা। ২৮শে মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে টানা তৃতীয় শিরোপা জয়ের অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ৩১শে মে গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে মারিয়া মান্ডার দল।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ায় শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ বাংলাদেশের। সেই চাপ উতরে সাফল্যের শিখরে যেতে চায় বাটলারের শিষ্যরা। গতকাল সংবাদ সম্মেলনে তেমনটাই জানান অধিনায়ক মারিয়া মান্ডা। তিনি বলেন, ‘আসলে বিগত দিনে আমরা খেলে আসছি। আমরা জানি সব দলই ভালো। চাপ তো থাকবেই, কারণ নতুন করে আবার সাফ শুরু হচ্ছে। আমরা চেষ্টা করবো সর্বোচ্চটা দিয়ে খেলার।’ এ বছরের শুরুতে এএফসি উইমেন্স এশিয়ান কাপের মূল মঞ্চে গ্রুপ পর্বের তিন ম্যাচেই হারে বাংলাদেশ। প্রতিপক্ষের জালে কোনো গোল না করলেও ১১ গোল হজম করেছে। এই পারফরম্যান্সকে শেখার মঞ্চ ধরে সাফে ভালো করার প্রত্যয় ব্যক্ত করেন বাটলার।
তিনি বলেন, ‘প্রথমত, আমি খুবই হতাশ হয়েছি (এশিয়ান কাপের পারফরম্যান্সে)। বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথমবার অনূর্ধ্ব-২১ ও জাতীয় দল এশিয়ান কাপে কোয়ালিফাই করে। এটা চলমান প্রক্রিয়া। আমাদের যাত্রার একটি মাইলফলক। আমরা এখন ভবিষ্যৎ নিয়ে ভাবছি। আমাদের দলে নতুন খেলোয়াড় যুক্ত হয়েছে। মারিয়া মান্ডা অধিনায়ক হলো। এই টুর্নামেন্টে তাদের দেখভালের সুযোগ হবে। একদম নতুন টুর্নামেন্ট। আমরা প্রস্তুত হয়ে এসেছি।’ সাফের এবারের আসরে ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। লাল-সবুজের মেয়েদের সঙ্গী ভারত ও মালদ্বীপ। দল দু’টিকে সমীহ করে পেশাদারিত্বের ছাপ রাখার ঘোষণা দেন এই বৃটিশ কোচ। তিনি বলেন, ‘আমাদের (বাংলাদেশ-ভারত) অনেকবারই দেখা হয়েছে। প্রত্যেক দল তার শক্তিমত্তা অনুযায়ী খেলবে।
ভারত শক্তিশালী দল। তাদের দারুণ কিছু খেলোয়াড় রয়েছে। ঘরের মাঠে তারা সুশৃঙ্খল। ভারত ও মালদ্বীপ দু’দলের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। আমরা আমাদের গেমপ্ল্যান পেশাদারিত্বের সঙ্গে দেখাতে চাই।’ টুর্নামেন্ট শুরুর আগে থাইল্যান্ডের ব্যাংককে দুই সপ্তাহের নিবিড় কন্ডিশনিং ক্যাম্প করে বাংলাদেশ। সেখানে থাই ক্লাব কাসেম বুন্দিতকে প্রীতি ম্যাচে ২-০ গোলে হারায়। সেই আত্মবিশ্বাস নিয়ে গত বৃহস্পতিবার গোয়ায় পৌঁছায় বাংলাদেশ দল। শুক্রবার থেকে পুরোদমে মাঠের প্রস্তুতি শুরু করেন ঋতুপর্ণা চাকমারা। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ (১১২) থেকে ভারত (৬৯) ও নেপাল (৮৭) এগিয়ে থাকলেও সাফের মঞ্চে তহুরাদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই।
